প্রচণ্ড দাবদাহ ও খরায় পুড়ছে লালপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বনিম্ন বৃষ্টিপাত ও উষ্ণতম স্থান নাটোরের লালপুর প্রচণ্ড দাবদাহ ও খরায় পুড়ছে। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষের দুর্ভোগের সীমা নেই। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় খাল-বিল, পুকুর, জলাশয় শুকিয়ে গেছে। প্রবাহমান পদ্মা নদীও মরা নদীর রূপ নিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর ৩২ থেকে ৪০ ফুট নিচে নেমে গেছে। অধিকাংশ নলকূপে পানি উঠছে না। খরায় অর্থকরী ফসল আখের উৎপাদনও ব্যাহত হচ্ছে। তিল, মুগ, পাট ও আমন ধানসহ বিভিন্ন ফসলের আবাদ পিছিয়ে যাচ্ছে।লালপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান জানান, উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভা এলাকায় প্রায় ২০ হাজার সরকারি ও বেসরকারি অগভীর নলকূপ রয়েছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় উপজেলার অধিকাংশ হস্তচালিত নলকূপে পানি উঠছে না। কোথাও কোথাও মিনি তারাপাম্প স্থাপন করে পানীয় জলের অভাব পূরণের চেষ্টা করা হচ্ছে। অনেকে ১০-১২ ফুট গর্তে নলকূপ বসিয়েছেন। কৃষকদের ব্যক্তিগত পর্যায়ে কয়েক শ গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ পানি সেচ কাজে উত্তোলন করা হচ্ছে। এভাবে একটানা ভূগর্ভস্থ পানি উত্তোলন হলেও বৃষ্টি না হওয়ায় পানির ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না। সাধারণত হস্তচালিত নলকূপ দিয়ে ২৬ ফুট নিচের পানি তোলা সম্ভব। কিন্তু বর্তমানে এ স্তর ৩৫ থেকে ৪০ ফুট নিচে নেমে গেছে। অনেকে ব্যয়বহুল মার্সেবল পাম্প বসিয়েছেন। যা ৬০ ফুট নিচের ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে পারে।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাঠকর্মী শওকত আলী জানান, উপজেলার তিলকপুর, নবীনগর, গৌরীপুর, শাদিপুর, পালিদেহা, নুরুল্লাপুর, লক্ষ্মীপুর এলাকার ভূগর্ভস্থ পানির স্তর ৩৫ থেকে ৪০ ফুট নিচে নেমে গেছে। এসব এলাকার প্রায় ৮০ ভাগ হস্তচালিত নলকূপে পানি উঠছে না। লালপুর, রামকৃষ্ণপুর, মমিনপুর, বালিতিতা, বাকনাই, বিলমাড়ীয়া, মহারাজপুর, পানসীপাড়া, নওপাড়া, ভেল্লাবাড়িয়া, দুড়দুড়িয়া, বোয়ালিয়াপাড়া, ঘাটমোড়দহ, মাঝগ্রাম, ওয়ালিয়া, ফুলবাড়িয়া, আবদুলপুর, ডহরশৈলা, শ্রীরামগাড়ী, পাটিকাবাড়ী, গোদড়া এলাকার ভূগর্ভস্থ পানির স্তর ৩২ থেকে ৩৫ ফুট পর্যন্ত নেমে গেছে। এসব এলাকার অর্ধেকের বেশি নলকূপে পানি উঠছে না।উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বৃষ্টি না থাকায় তিল, মুগ, পাট, আউশ ধানসহ বিভিন্ন ফসলের বীজ বপন করতে পারছেন না কৃষকেরা। জমিতে সেচ দিয়ে এসব ফসল আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় আড়বাব, দুয়ারিয়া ও লালপুর ইউনিয়নের কয়েকটি শ্যালো মেশিন চার-পাঁচ ফুট মাটির নিচে স্থাপন করে বোরো ধান খেতে সেচ দেওয়া হচ্ছে।নর্থ বেঙ্গল চিনিকলের নরেন্দ্রপুর ও গোবিন্দপুর কৃষি খামারের ইনচার্জ মোস্তাফিজুর রহমান খান জানান, খামার দুটিতে ৪৯৩ একর জমিতে আখ চাষ করা হয়েছে। দীর্ঘমেয়াদি খরার কারণে আখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত কুশি গজাতে পারছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় আখ খেতে প্রয়োজনমতো সেচও দেয়া যাচ্ছে না। ইতিমধ্যেই নরেন্দ্রপুর খামারের একটি গভীর নলকূপ ও দুটি শ্যালো বোরিং বন্ধ হয়ে গেছে। বাকিগুলোয়ও পর্যাপ্ত পানি উঠছে না। গোবিন্দপুর কৃষি খামারের পাঁচটি শ্যালো বোরিংয়ে পানি উঠছে না। চিনিকলের ভবানীপুর কৃষি খামারের ইনচার্জ প্রতুল কুমার জানান, এ খামারের ৩৩৩ একর জমিতে আখ রয়েছে। খেতের যেসব স্থানে বেলে মাটি সেখানকার আখ খরার কারণে মরে যাচ্ছে। বাংলাদেশ আখ চাষী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল বলেন, আখ আমাদের অঞ্চলের একমাত্র অর্থকরী ফসল। লালপুর আখ চাষিদের অধিকাংশই প্রান্তিক চাষি। অধিকাংশ খেতই সেচ সুবিধার বাইরে থাকায় খরা মোকাবিলা করে স্বাভাবিক ফলন বজায় রাখা সম্ভব নয়।