প্রচণ্ডর বিলাসী জীবনের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের একীভূত নেপাল কমিউনিস্ট পার্টির (ইউসিপিএন) প্রধান প্রচণ্ড কোটি টাকা দামের প্রসাদোপম বাড়ি ও বিলাসবহুল গাড়ি রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক দিন ধরে পার্টির ভেতরে ও বাইরের লোকজন পুষ্পকমল দাহাল প্রচণ্ডের বিলাসী জীবনযাপনের তীব্র সমালোচনা করে আসছিলেন।মাওবাদী মতাদর্শে বিশ্বাসী ইউসিপিএনের পাঁচ দিনব্যাপী পূর্ণাঙ্গ অধিবেশন শেষে গতকাল শনিবার প্রচণ্ড ঘোষণা দেন, নতুন বাড়ির সংস্থান করেই তিনি তাঁর লাজিমপাতের বিলাসবহুল বাড়ি খালি করে দেবেন। তবে অপর একটি সরকারি গাড়ি তাঁর সঙ্গে থাকছে। দ্য হিন্দুতে প্রকাশিত এক খবরে আজ রোববার বলা হয়, প্রচণ্ড তাঁর আগের বাড়ি ছেড়ে এ বাড়িতে ওঠার পর পার্টির অনেক সদস্য অভিযোগ করেন, প্রচণ্ড বিপুল অর্থের বিনিময়ে বাড়িটি কিনে নিয়েছেন। বাড়িটি ভাড়া বলে তাঁর সহকর্মীরা দাবি করলেও, দলের অনেকে মনে করেন, প্রচণ্ড তাঁর এক নিকটাত্মীয়ের নামে বাড়িটি কিনেছেন।পার্টি সূত্রে জানা গেছে, প্রচণ্ডের জীবনযাপন নিয়ে তুমুল তর্কবিতর্কের পর সভায় প্রচণ্ড বলেন, ‘আমি ভাড়া বাড়িতে থাকি। অথচ গুজব রটেছে বাড়িটি আমি কিনে নিয়েছি। রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সরকারের কাছ থেকে আমার একটি বাড়ি ও গাড়ি প্রাপ্য।’ কিছুদিন আগে নেপালের পার্লামেন্টে পাস হওয়া একটি আইন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীদের রাষ্ট্রের বেশকিছু সুযোগ সুবিধা পাওয়ার কথা।গত পাঁচ দিনের রুদ্ধদ্বার সভায় চিত্কার, তর্ক, ঝগড়া থেকে শুরু করে চেয়ার ছোড়াছুড়িও হয়েছে। গত শুক্রবার প্রচণ্ডের অনুগত কয়েকজন নেতা প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইকে বক্তব্য দিতে বাধা দিলে একজন কেন্দ্রীয় নেতা প্রচণ্ডের দিকে চেয়ার ছুড়ে মারেন। তবে তিনি অল্পের জন্য রক্ষা পান। ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ এড়াতে প্রচণ্ড তাঁর ও বাবুরাম ভট্টরাইয়ের সহযোগীদের অদল-বদল করার প্রস্তাব দেন। এই নেতৃবৃন্দ আরও বেশি সমালোচনায় পড়েন পার্টির তহবিল ও দুর্নীতির অভিযোগ নিয়ে।