প্রচলিত প্রযুক্তিতে বুড়িগঙ্গার পানি শোধন অসম্ভব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর দূষণ এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশের প্রচলিত প্রযুক্তি দিয়েই এই নদীর পানি পরিশোধন সম্ভব নয়। দূষণের কারণগুলো দূর না করলে এই পানি পান করা দূরে থাক, অন্যভাবে ব্যবহারও বিপজ্জনক।সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল বুড়িগঙ্গা নদীর পানি ও জীববৈচিত্র্যের অবস্থা পর্যবেক্ষণ করে এই তথ্য পেয়েছে।বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ বি এম বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গা নদী বিশেষ করে হাজারীবাগ, চাঁদনীঘাট, সদরঘাট ও আশপাশের এলাকায় দূষণের মাত্রা এত বেশি যে এসব এলাকার নদীর পানি ব্যবহারকারী বেশির ভাগ মানুষকেই চর্মরোগে ভুগতে হচ্ছে। জলজ প্রাণীও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।এ বি এম বদরুজ্জামান আরও বলেন, বুড়িগঙ্গার পানি দূষণের কারণগুলো সবাই জানেন। দূষণের উৎসগুলো বন্ধ করে তার পরই পানি পরিশোধন করা উচিত।অনুসন্ধানে জানা যায়, শুধু বুড়িগঙ্গা নয়, ঢাকার চারপাশের সব নদীরই দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ঢাকার নদীগুলোর বেশির ভাগেরই অবস্থা আগানগরের ডক ঘাট এলাকার বুড়িগঙ্গার এই ছবিটির মতোই। নদী রক্ষায় নিয়োজিত অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দূষণ কমাতে নিয়মিত কাজ করছে বলে দাবি করলেও নদীতে বর্জ্য পড়া বন্ধ হয়নি। শিল্পকারখানা, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ঢাকা ওয়াসা নদীগুলোর দূষণের জন্য দায়ী বলে অভিযোগ রয়েছে।ঢাকা ওয়াসার হিসাবে, রাজধানীর ৭০ ভাগ এলাকার পয়োবর্জ্যই সরাসরি যাচ্ছে বুড়িগঙ্গাসহ চারটি নদীতে। তবে ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, এসব বর্জ্য ওয়াসা ফেলে না। ঢাকার কিছু বাসিন্দা চোরা লাইন করে ওয়াসার সাধারণ পানি যাওয়ার নর্দমার সঙ্গে জুড়ে দেয়। যার ফলে এসব বর্জ্য অপরিশোধিত অবস্থায়ই চলে যায় নদীতে। বৃষ্টির বাড়তি পানি সরাসরি নদীতে যাওয়ার জন্য ৪৩টি নর্দমা রয়েছে ওয়াসার।পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী বুড়িগঙ্গার পাড় ও নিকটবর্তী প্রায় দুই হাজার, শীতলক্ষ্যার সাড়ে ৭০০ এবং তুরাগ ও বালু নদের আশপাশের এলাকার ছয় শরও বেশি কলকারখানার বর্জ্য সরাসরি যাচ্ছে এসব নদীতে। কারখানাগুলোতে পরিশোধন যন্ত্র (ইটিপি) বসানোর কথা থাকলেও বেশির ভাগ মালিকই তা বসাননি। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘যারা ইটিপি বসিয়েছে তাদের বেশির ভাগই তা চালু রাখে না। এসব কারখানার বিরুদ্ধে কিছু অভিযান হয়েছে। আরও হবে।’ কঠিন গৃহস্থালি বর্জ্যও নদী দূষণ করছে। মাতুয়াইল পর্যন্ত নেওয়া যায় না, রাজধানীর প্রতিদিনের এমন প্রায় ছয় হাজার টন গৃহস্থালি বর্জ্যও যায় নদীতে। বুড়িগঙ্গা পাড়ে থাকা ডিসিসির বেশ কয়েকটি কনটেইনার থেকেও নদীতে আবর্জনা যায়। ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা বলেন, ডিসিসির যেসব গাড়ি থেকে নদীতে ময়লা ফেলা হয়, সেগুলোর কয়েকজন চালককে শাস্তি দেওয়া হয়েছে। কেরানীগঞ্জসহ সিটি করপোরেশনের বাইরের এলাকার ময়লাও নদীতে ফেলে যান ভ্যানচালকেরা। ডিসিসি তাঁদের সবাইকে ধরতে পারে না।ছাই, রাসায়নিক পদার্থ ফেলে নদীকে দূষিত করছে বুড়িগঙ্গা পাড়ের ডক ইয়ার্ডগুলোও।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া বলেন, সংস্থাটির চলমান প্রকল্প বাস্তবায়ন হলেও সংশ্লিষ্ট নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে পানির গুণগত মানের উন্নয়নের জন্য বিআইডব্লিউটিএ ইউরোপীয় ও মার্কিন প্রযুক্তির ‘স্ক্যাভেঞ্জার’ কেনার লক্ষ্যে অপর একটি প্রকল্প হাতে নিয়েছে।সাম্প্রতিক পর্যবেক্ষণের আলোকে বুয়েটের অধ্যাপক এ বি এম বদরুজ্জামান বলেন, বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর পানির মান বাড়াতে হলে শিল্পকারখানায় ইটিপি বসাতেই হবে। পরিশোধিত শিল্পবর্জ্য ও ওয়াসার সাধারণ সুয়্যার লাইনে অবৈধভাবে ফেলা পয়োবর্জ্য পাগলার পয়োশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য ডাইভারসন সুয়্যার লাইন করতে হবে।