প্রচলিত শিক্ষাব্যবস্থায় ভিন্ন ধরনের পাঠ্যসূচি: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, সাধারণ পুথিগত শিক্ষার বাইরেও শিক্ষার্থীদের ভিন্ন ধরনের শিক্ষাদানের বিষয়ে জোর দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীরা বইয়ের জ্ঞানের পাশাপাশি সামাজিক শিক্ষাও লাভ করতে পারবে, যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে।মুঠোফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশ আয়োজিত ‘নকিয়া এডুকেশন ডেলিভারি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে স্থানীয় এক হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নকিয়ার উদ্যোগে আমেরিকার নকিয়া ইন্টারন্যাশনাল রিডিং অ্যাসোসিয়েশন (আইআরএ) ও বাংলাদেশ রিডিং অ্যাসোসিয়েশনের (বিআরএ) সহযোগিতায় এই প্রকল্পে প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা বাড়ানো হবে।শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকেরা সাধারণত শ্রেণীকক্ষে প্রচলিত পাঠ্যবই ব্যবহার করেন। প্রায়ই তাঁদের মধ্যে ভাষাগত বা বাচনিক সচেতনতা, উচ্চারণ ও ধ্বনি, সাবলীল পাঠদান ও বর্ণনা, শব্দভান্ডার, উপলব্ধিসহ বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। তাঁরা স্বভাবতই নিজস্ব জ্ঞান ও উদ্যোগের আলোকেই শিক্ষার্থীদের পড়ান। তাই দেশের প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদানের ওপর দক্ষতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার জোর দিতে হবে। কারণ, তাদের হাতেই নির্ভর করে ভবিষ্যত্ প্রজন্মের শিক্ষার মূলভিত্তি।প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে নকিয়া ইমার্জিং এশিয়ার আবাসিক ব্যবস্থাপক (কান্ট্রি ম্যানেজার) আবু দাউদ খান বলেন, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের ৩০০টি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শিক্ষাদান ও শিক্ষণের ক্ষেত্রে বিদ্যমান বড় সমস্যাগুলো চিহ্নিত করা, আইআরএ মডিউল ব্যবহার করে প্রধান ২০ জন প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণের আয়োজন করা, তিন বছরে ৬০০ জন প্রাথমিক শিক্ষকের জন্য পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তাঁদের ভাষাগত জ্ঞানের উন্নয়ন ঘটে, বাংলাদেশের জন্য আইআরএর ডায়াগনস্টিক টিচিং মডেল (ডিটিএম) প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রাথমিক শিক্ষকদের ভাষাগত সমস্যা সমাধানে নকিয়া এডুকেশন ডেলিভারি (এনইডি) সিস্টেমের মাধ্যমে কার্যকর উপায় খুঁজে বের করা। মূলত প্রাথমিক শিক্ষকদের ভাষা শেখানোর পাশাপাশি এবং মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষকদের মধ্যে একটি পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা হবে।দাউদ খান আরও জানান, দেশে আইআরএর অনুমোদিত সংস্থার মাধ্যমে প্রকল্পটি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সাহায্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় শুরুতে ময়মনসিংহ জেলায় তিনটি উপজেলা ও জামালপুর জেলার সাতটি উপজেলা এবং প্রতিটি উপজেলায় ১০টি করে স্কুল আর প্রতি স্কুলের দুজন শিক্ষককে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।এ সময় আইআরএর পরিচালক শাকিল মালিকসহ নকিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।