প্রচারণা শেষ করলেন ওবামা
আইওয়া অঙ্গরাজ্যে গতকাল সোমবার রাতে নির্বাচনী সভা করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শেষ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সর্বশেষ নির্বাচনী সভায় ওবামা ছিলেন আবেগপ্রবণ। আইওয়া অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় আবেগে চোখের জলও গড়িয়েছে ওবামার।দুই দিন ধরে দোদুল্যমান অঙ্গরাজ্য বলে পরিচিত ওহাইও, ফ্লোরিডা, কলোরাডো, নিউ হ্যাম্পশায়ার ও উইসকনসিনে বিরামহীন ছুটে বেড়িয়েছেন ওবামা। শেষ মুহূর্তে সিদ্ধান্তহীন ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।তবে ওবামার প্রতিপক্ষ রিপাবলিকান দলের মিট রমনি এখনো তাঁর নির্বাচনী প্রচারণা শেষ করেননি। গতকাল ফ্লোরিডা, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও ওহাইওতে প্রচারণা চালিয়েছেন তিনি। নিউ হ্যাম্পশায়ারে সভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করার কথা ছিল তাঁর। তবে শেষ মুহূর্তে এসে রমনি জানান, নির্বাচনের দিনও পেনসিলভানিয়া ও ওহাইও অঙ্গরাজ্যে প্রচারণা চালাবেন তিনি।