প্রচারণামূলক বিলবোর্ডের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দলের রোডমার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে স্থাপিত প্রচারণামূলক বিলবোর্ডের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল রোববার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে নির্দেশ পাওয়ার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎকর্মীরা এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেন।নগরের সড়কবাতির সংযোগ থেকে বিদ্যুৎ নিয়ে বৈদ্যুতিক বিলবোর্ড বসানো হয়। এসব বিলবোর্ডে খালেদা জিয়া, তারেক রহমান, সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম এবং বিএনপির স্থানীয় নেতাদের ছবি ও দলীয় স্লোগান শোভা পাচ্ছে।পিডিবি সূত্র জানায়, দেশে বিদ্যুতের ঘাটতি থাকায় বছর চারেক আগে বিলবোর্ডে আলোকসজ্জা করা নিষিদ্ধ করে পিডিবি। তা সত্ত্বেও বিএনপির নেতারা নগরে বৈদ্যুতিক বিলবোর্ড বসান। সড়কবাতির লাইন থেকে তাতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। গতকাল প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে তৎপর হয় পিডিবি।পিডিবির প্রধান প্রকৌশলী রইস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর অবৈধ কিছু সংযোগ আমরা বিচ্ছিন্ন করেছি। আরও সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। সড়কবাতি থেকে কারা এবং কীভাবে বিলবোর্ডে অবৈধ সংযোগ নিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পিডিবি সূত্র জানায়, আজ সোমবার পলোগ্রাউন্ডের জনসভাস্থলের জন্য ৩০ হাজার টাকা এবং কদমতলী মোড় ও নাসিমন ভবনের সামনের সড়কপথে আলোকসজ্জার জন্য পাঁচ হাজার করে মোট ৪০ হাজার টাকা পে-অর্ডার জমা দিয়ে বিদ্যুৎ-সংযোগের অনুমোদন নেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে বিলবোর্ডে বিদ্যুৎ-সংযোগের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি।