প্রচারণার অভাবে আসছে না সুফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশুদের জন্য নানা ধরনের আইনি সহায়তা ও তাদের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’। ঢাকার তেজগাঁও থানায় এর অবস্থান। ভিকটিমকে সুরক্ষা ও আইনগত অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা, ভিকটিমকে বারবার নির্যাতনের হাত থেকে রক্ষা করা—এসব উদ্দেশ্য নিয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারের যাত্রা শুরু। কিন্তু অভিযোগ করতে হলে তো ভিকটিমকে সে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে। ঢাকায় বেশ কয়েকজন সাধারণ নাগরিককে জিজ্ঞেস করা হলে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’ সম্পর্কে জানেন না, এমনকি নামও শোনেননি অনেকে বলে জানান। ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। প্রায় দেড় বছর হয়ে গেলেও প্রচার-প্রচারণার ক্ষেত্রে প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব উদ্যোগের অভাব। এ সম্পর্কে জানতে চাওয়া হয় সেন্টারের দায়িত্বরত সহকারী পুলিশ কমিশনার মীনা মাহমুদের সঙ্গে। ‘অতি সম্প্রতি তেজগাঁও এলাকার ক্যাব্ল মালিকের সঙ্গে কথা হয়েছে, যেখানে টিভিতে বিজ্ঞাপন প্রচার করা হবে ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যবিধি, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে, যাতে সাধারণ নাগরিকেরা যোগাযোগ করতে পারেন।’ জানালেন তিনি। তিনি আরও বলেন, ফোন না করে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে অভিযোগ করলে ভিকটিমকে সহযোগিতা করা সহজ হয় । এ প্রতিষ্ঠানে ভিকটিমদের সঙ্গে কথা বলার অনুমতি চাইলে এ প্রতিবেদককে জানানো হয়, শুধু বয়সে ছোট যারা, তাদের গণমাধ্যমের লোকজনদের সামনে কথা বলতে দেওয়া হয়, বয়সে বড় নারী ও শিশুদের সঙ্গে দেখা করার নিয়ম এ প্রতিষ্ঠানে নেই। কথা হয় পাঁচ বছর বয়সী ছোট্ট শিশু সোহাগের সঙ্গে। সে শুধু তার বাবার নাম আলামীন বলতে পারে, আর কোনো তথ্যই সে নিজের সম্পর্কে দিতে পারেনি। ৫ জুলাই মগবাজার ওয়্যারলেস রেলগেট থেকে একজন লোক সোহাগকে পাওয়ার পর তাকে রমনা থানায় দিয়ে আসেন। এ থানা থেকে এ প্রতিষ্ঠানের কাছে তাকে হস্তান্তর করে। এ প্রতিষ্ঠান এখন বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রচার করবে। সোহাগের পরিবারের পক্ষ থেকে কেউ যদি এ সংবাদে সাড়া না দেয়, তাহলে এ প্রতিষ্ঠানের যেকোনো সহযোগী সংস্থার একটিতে তাকে পাঠিয়ে দেওয়া হবে।ভিকটিম সাপোর্ট সেন্টারে ভিকটিম সরাসরি উপস্থিত হয়ে অভিযোগ করতে পারেন; আবার বিভিন্ন থানা থেকেও ভিকটিম পাঠানো হয় এখানে। ভিকটিমকে পেশাগত ও সমন্বিতভাবে সেবা প্রদানের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ১০টি এনজিওকে সম্পৃক্ত করা হয়েছে বলে জানানো হয় এ প্রতিষ্ঠান থেকে। এ ১০টি সহযোগী সংস্থা হচ্ছে: আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, অ্যাসোসিয়েশন ফর কারেকশন অ্যান্ড সোশ্যাল রেক্লেমেশন, অপরাজেয় বাংলাদেশ, এসিড সারভাইভারস ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ঢাকা আহ্ছানিয়া মিশন, মেরি স্টোপস। প্রয়োজনে এ প্রতিষ্ঠান মধ্যস্থতাকারী হিসেবে ভিকটিমকে সহায়তা দিয়ে থাকে। ভিকটিম সাপোর্ট সেন্টারে সহযোগী সংস্থার মাধ্যমে ভিকটিমের চাহিদানুসারে আইনি, স্বাস্থ্য ও অন্যান্য সহায়তা দেওয়া হয়ে থাকে। এ সংস্থাসমূহের আইনজীবী, চিকিৎসক, কাউন্সিলররা প্রতি সপ্তাহে এ প্রতিষ্ঠানে আসেন এবং ভিকটিমকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকেন। এ প্রতিষ্ঠানে রয়েছে ‘শেল্টার রুম’, তবে পাঁচ দিনের বেশি কোনো ভিকটিমকে এখানে রাখা হয় না। ভিকটিমদের পরবর্তী সময়ে এনজিওতে পাঠিয়ে দেওয়া হয়, প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এসব এনজিওতে। এ সহযোগী সংস্থাসমূহ ও পুলিশের সমন্বয়ে এ প্রতিষ্ঠান সাপোর্ট দিয়ে থাকে। প্রায় দেড় বছর হলেও আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি এ প্রতিষ্ঠানটির। ১৭ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ১৩ জুলাই ২০১০ পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিসংখ্যান থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ৫৮০টি সমস্যার সমাধান করেছে, যার মধ্যে পারিবারিক সমস্যার সমাধান করেছে ১৯৩টি, প্রতারণার শিকার সমাধান হয়েছে ১৫টি, নিখোঁজ-বাসা থেকে রাগ করে বের হওয়া মেয়ে-কাজের মেয়ে যাদের অভিভাবক-এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে ৩১৫টি, বাল্যবিবাহ সমস্যার সমাধান করেছে একটি, বাচ্চা উদ্ধার করেছে আটটি, অপহরণের সমাধান করেছে তিনটি, পাচারের সমাধান করেছে একটি, অন্যান্য ক্ষেত্রে তিনটি, বিভিন্ন মামলা-সংক্রান্ত ক্ষেত্রে ৩৫টি, নিরাপদ আশ্রয় হিসেবে সেন্টারে রাত যাপন করছে ছয়জন। সামাজিক, মানসিক ও পারিবারিকভাবে নির্যাতিত নারী ও শিশুদের তথা ভিকটিমকে সাহায্যের কথা বলা হলেও পরিসংখ্যান অনুযায়ী এর সংখ্যা খুবই সীমিত, প্রয়োজন এর ব্যাপক প্রচার ও প্রসারের।