প্রচারণায় সরগরম গাজীপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট গাজীপুর। প্রতীক বরাদ্দের পাঁচ দিন পর গতকাল শনিবার দুই মেয়র পদপ্রার্থী দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। সাত মেয়র পদপ্রার্থীর অন্যদের প্রচারণা তেমন দেখা না গেলেও প্রচারণায় পুরো এলাকা সরগরম করে রেখেছেন ৫৭ ওয়ার্ডের ৪৫৫ জন কাউন্সিলর ও ১৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ১২৮ জন প্রার্থী।প্রতীক বরাদ্দের পরপরই প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়ক ও অলিগলি পোস্টারে ছেয়ে গেছে। প্রতিদিনই বেলা দুইটায় শুরু হয় মাইকিং। চলে রাত নয়টা পর্যন্ত। মেয়র পদপ্রার্থীরা মূলত পথসভায় ব্যস্ত থাকলেও কাউন্সিলর পদপ্রার্থীরা যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। প্রার্থীদের সমর্থকেরা দলে দলে বিভক্ত হয়ে কার কত সমর্থন রয়েছে, তা প্রদর্শনেও ব্যস্ত এখন। এরই মধ্যে চলছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান আচরণ বিধিমালা লঙ্ঘন করে যানবাহন ও লোক চলাচলের বিঘ্ন সৃষ্টি করে পথসভা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের নতুনবাজার এলাকায় তিনি এ সভা করেন। সভা চলাকালে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শরাফত হোসেন ব্যানারসহ একটি মিছিল নিয়ে সভায় যোগ দেন। ফলে সড়কটিতে আধা ঘণ্টার মতো যানজট লেগে থাকে। এদিকে মান্নানের প্রধান নির্বাচন সমন্বয়ক হাসানউদ্দিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসে সংরক্ষিত মহিলা সাংসদ জাহানারা বেগম ‘সংসদ সদস্য স্টিকার’ লাগানো গাড়ি ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তাঁর দাবি, নির্বাচনে কোনোরকম প্রভাব বিস্তারের চেষ্টাও আচরণবিধি লঙ্ঘনের শামিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পথসভার অনুমোদন থাকলেও জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে—এমন কোনো সড়কে পথসভা করা নিষেধ। আচরণবিধিতে মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে সভা করা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান। জানতে চাইলে এম এ মান্নান বলেন, ‘আঞ্চলিক মহাসড়ক বলতে যা বোঝায়, সেটি তো উড়ালসেতুর ওপর দিয়ে চলে গেছে। কাজেই সেতুর নিচের অংশটিকে মহাসড়ক বলা যাবে না। তাই আমি মনে করি, এখানে পথসভা করায় আচরণবিধি লঙ্ঘিত হয়নি।’ ছাত্রদল নেতার মিছিল নিয়ে সভায় যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে মিছিল আমি নিয়ে আসিনি। আমি আসার পর মিছিল এসেছে। একপর্যায়ে আমি দেখলাম মিছিলের সামনে একটি ব্যানারও রয়েছে। আমি তখনই ব্যানারটি গুটিয়ে ফেলতে বলি। এটি আসলে কর্মীদের অজ্ঞতার কারণে ঘটেছে। ভবিষ্যতে এমন কিছু ঘটবে না।’ এদিকে বেলা একটায় ১৪ দল-সমর্থিত প্রার্থীর পক্ষে সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়ি ব্যবহার সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তবে তাঁর মতে, সাংসদেরা নিজের গাড়ি নিয়ে এলে আচরণবিধি লঙ্ঘিত হয় না। জাহানারা বেগম জানান, সংসদ সদস্য স্টিকার লাগানো থাকলেও গাড়িটি তাঁর ব্যক্তিগত। তা ছাড়া তিনি নির্বাচনী প্রচারণায় আসেননি, এসেছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। তিনি বৃহত্তর ময়মনসিংহ সমিতির কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শতাধিক সদস্যকে নিয়ে মতবিনিময় সভা করেন। ওই সভায় স্থানীয় সাংসদ জাহিদ আহসান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মতিউর রহমান মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। দুই প্রার্থীর গণসংযোগ: গতকাল আজমত উল্লা খান টঙ্গীর এরশাদনগর এলাকায় ভোট চাওয়ার মাধ্যমে প্রচারণা শুরু করেন। পরে তিনি চলে যান গাজীপুরের ধীরাশ্রম ও কোনাবাড়ী এলাকায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক। এম এ মান্নান দিনভর টঙ্গীতেই গণসংযোগ করে কাটিয়েছেন। তাঁর পক্ষে ছাত্রদল নেতারা গাজীপুর শহরে গণসংযোগ করেন।সেনা মোতায়েন প্রসঙ্গ: নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন মেয়র পদপ্রার্থী এম এ মান্নান। তিনি টঙ্গী রেলগেটের সামনে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ দাবি পুনর্ব্যক্ত করেন। জাহাঙ্গীর আলমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, একজন প্রার্থীকে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেকে চাপ প্রয়োগের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। এ থেকে প্রমাণিত হয়, সরকার প্রভাব বিস্তার করে ১৪ দল-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এটা নিশ্চিত অনুমান করা যায় যে, নির্বাচনের দিন ভোট গ্রহণে সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের বিকল্প নেই। আজমত উল্লা খান বলেন, সদ্য অনুষ্ঠিত চার সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। একইভাবে গাজীপুর সিটিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে নির্বাচন কমিশন সফল হবে। কাজেই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে তাঁর আপত্তি নেই।