প্রচারণায় স্বামীর প্রশংসায় পঞ্চমুখ তাঁরা
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী মিট রমনি। বসে নেই দুই প্রার্থীর স্ত্রীরাও। ওবামার স্ত্রী মিশেল ওবামা ও রমনির স্ত্রী অ্যান রমনি শেষ মুহূর্তে নিজ নিজ স্বামীর পক্ষে ভোটারদের টানতে কোমর কোষে মাঠে নেমেছেন। এই এক দিনের প্রচারণায় অ্যান ও মিশেল কীভাবে নিজ নিজ স্বামীর পাশে থাকবেন, তা নিয়ে গণমাধ্যমের আগ্রহের শেষ নেই। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদনও তৈরি করেছে। এ সব প্রতিবেদনে দেখা যাচ্ছে, রমনি ও ওবামার শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধ ভাগাভাগি করে নিচ্ছেন অ্যান রমনি ও মিশেল ওবামা। পিটিআইয়ের খবরে বলা হয়, ওবামা ও মিশেল তাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উইসকনসিন ও ওহাইওতে দুটি সভা করবেন। মধ্যরাতের পর তাঁরা নিজেদের জন্ম-শহর ও নির্বাচনী প্রচারণার সদরদপ্তর শিকাগোতে যাবেন। আইওয়ার ডেস মইন্সে ওবামা তাঁর নির্বাচনী প্রচারণা শেষ করবেন। সেখানে ওবামাকে ভোটারদের সামনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তুলে ধরবেন মিশেল।ওবামার প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, ওবামার গত চার বছরের শাসনামলে দেশের জনগণ কতটা এগিয়েছে, তা মনে করিয়ে দিয়ে মিশেল তাঁর স্বামীর পক্ষে ভোট চাইবেন। ওবামার পক্ষে ভোট দেওয়ার জন্য সমর্থকদের মনোভাব চাঙা করবেন মিশেল। মিশেল ওবামা নর্থ ক্যারোলিনা ও ফ্লোরিডায় প্রচারণায় অংশ নেন। ওবামা সম্পর্কে মিশেল ফ্লোরিডায় বলেন, ‘ওবামার চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে আমি তাঁর প্রেমে পড়েছিলাম। আর সেই চরিত্রটা সমবেদনা, দৃঢ় প্রত্যয় ও অন্যকে সাহায্য করার প্রতিশ্রুতির সমন্বয়।’ ওবামা নির্বাচিত হলে মার্কিনিদের জীবনযাত্রার মানের উন্নতির জন্য কাজ করবেন—উল্লেখ করে মিশেল ভোটারদের কাছে তাঁর স্বামীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শেষ প্রচারণাও তিনি এ আহ্বান জানাবেন বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় যুদ্ধ বা পররাষ্ট্রনীতির মতো বিষয় নয়; বরং দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের বিষয়ে রমনি ও ওবামার পরিকল্পনা এবং নির্বাচিত হলে তা বাস্তবায়নের আশ্বাস চায় সাধারণ মানুষ।রমনি মিনেসোটায় সর্বশেষ নির্বাচনী প্রচারণা চালাবেন। সেখানে তাঁকে সবার সামনে তুলে ধরবেন ছেলে জোশ রমনি। সঙ্গে থাকবেন রমনির স্ত্রী অ্যান। অ্যান রমনি ওহাইওতে তাঁর স্বামী মিট রমনি সম্পর্কে বলেন, ‘আমি জানি, রমনি ব্যর্থ হন না। প্রেসিডেন্ট হিসেবেও তিনি ব্যর্থ হবেন না। আমি তাঁকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ার সময় থেকে চিনি, প্রতিটি অবস্থায় আমি তাঁকে জানি। আমি একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে, একজন গভর্নর হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে তাঁর স্বরূপ কাছ থেকে দেকেছি। তিনি অসাধারণ!’ এই অসাধারণ মানুষটি তাঁর সমস্ত সত্ত্বা দিয়ে যুক্তরাষ্ট্রকে ভালবাসেন এবং তিনিই দেশের প্রকৃত পরিবর্তন আনতে পারবেন—বলে ভোটারদের মন জয়ের চেষ্ট ছিল অ্যানের।