বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আহ্বানসংবলিত একটি প্রচারপত্র (লিফলেট) ছাপতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। আজ বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।শামসুজ্জামান বলেন, দেশের সর্বশেষ পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দলের পক্ষ থেকে একটি লিফলেট ছাপতে প্রেসে পাঠানো হয়েছিল। গতকাল রাতে পুলিশ তা জব্দ করেছে এবং প্রেসের কর্মচারীদের গ্রেপ্তার করেছে। তিনি অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান।দুদু বলেন, এতে প্রমাণিত হয়, সরকার এখন বিরোধী মত সহ্য করতে পারছে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ সরকারের মধ্যে গণতন্ত্রের ছিটেফোঁটা আছে কি না সন্দেহ। শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে ইঙ্গিত করে শামসুজ্জামান বলেন, একটি মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে বলা হলেও তারা আবার ‘গীতিনৃত্য’ শুরু করেছে। তিনি অভিযোগ করেন, সরকার একদিকে কাউকে কাউকে রাতের আঁধারে গুলি করে মারছে, অন্যদিকে কাউকে কাউকে নাচ-গান করার জন্য সুযোগ করে দিচ্ছে। গত রাতে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও জোটের শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানের বাসায় পুলিশি তল্লাশিরও তীব্র নিন্দা জানান শামসুজ্জামান।