প্রচারপত্র বিলির সময় পাঁচ হিজবুত সদস্য আটক (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের বায়তুন নূর মসজিদের সামনে থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শুক্রবার জুমার নামাজের পর প্রচারপত্র (লিফলেট) বিতরণের সময় র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

ঘটনাস্থলে উপস্থিত বায়তুন নূর মসজিদের এক মুসল্লি বলেছেন, ‘জুমার নামাজের পরেই মসজিদের বাইরে মুসল্লিদের মাঝে কয়েকজন তরুণ লিফলেট বিতরণ করছিলেন। প্রথমে বোঝা না গেলেও একটি লিফলেট পড়ে বোঝা গেল তারা হিযবুত তাহরীরের সদস্য। ঠিক ওই সময়েই হঠাত্ করে র‌্যাবের কয়েকজন সদস্য মসজিদের সামনে চলে আসেন। র‌্যাব সদস্যদের দেখে লিফলেট বিতরণকারীরা র‌্যাব সদস্যদের ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব তাদেরকে আটক করার চেষ্টা করলে হিযবুত তাহরীরের সদস্যরা এক র‌্যাব সদস্যকে ধরে মারধর করে। পরে ঘটনাস্থল থেকে হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় হিযবুত তাহরীরের বাকি সদস্যরা পালিয়ে যায়।’র‌্যাব-১-এর মেজর আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের সময় তাঁদের সঙ্গে র‌্যাব সদস্যদের ধস্তাধস্তি হয়। এ সময় র‌্যাবের একজন সদস্য আহত হয়েছেন।প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সেনাসদরের সংবাদ সম্মেলনে, সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টা প্রক্রিয়ার সঙ্গে হিযবুত তাহরীরের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। সেখানে বলা হয়, সেনাবাহিনীতে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার জন্য অভিযুক্ত (বর্তমানে পলাতক) মেজর জিয়াউল হকের সঙ্গে হিযবুত তাহরীরের সংশ্লিষ্টতা ছিল।