সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী জাতীয় পত্রিকাগুলোর মধ্যে প্রচারসংখ্যায় শীর্ষ্রেরয়েছে প্রথম আলো। গত ২৬ জানুয়ারির হিসাব অনুযায়ী, প্রথম আলোর প্রচারসংখ্যা চার লাখ ছয় হাজার ৫২৫। সরকারি হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা দৈনিকটির সঙ্গে এর ব্যবধান দুই লাখের কাছাকাছি।গতকাল বৃস্পতিবার জাতীয় সংসদে সাংসদ বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে এ তথ্য লিখিত আকারে জানানো হয়। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ প্রশ্নের জবাব দেন। এতে দেশের মোট ৯৯টি পত্রিকার সরকারি প্রচারসংখ্যা তুলে ধরা হয়।পত্রিকার পৃষ্ঠাসংখ্যা, দাম ও মর্যাদা বিবেচনায় প্রথম আলোর পরের অবস্থানে রয়েছে যুগান্তর (দুই লাখ ১০ কপি)। এরপর রয়েছে কালের কণ্ঠ (এক লাখ ৯৫ হাজার ১৫০), ইত্তেফাক (এক লাখ ৩৫ হাজার ৩৫০), সমকাল (এক লাখ ৩০ হাজার ৬৫০), ইনকিলাব (এক লাখ ২৫ হাজার ৩০), জনকণ্ঠ (এক লাখ ২৫ হাজার ২০), নয়াদিগন্ত (এক লাখ ১৫ হাজার ২০০), আমার দেশ (এক লাখ আট হাজার ৪১০)। বাকি পত্রিকাগুলোর প্রচারসংখ্যা ৬০ হাজার থেকে সাড়ে ছয় হাজার পর্যন্ত।সরকারি হিসাবে, তিন টাকা মূল্যের ১২ পৃষ্ঠার পত্রিকা বাংলাদেশ প্রতিদিন-এর প্রচারসংখ্যা দুই লাখ ৫০ হাজার ১০০। পত্রিকাটির দাম তিন টাকা লেখা থাকলেও বিক্রি হয় দুই টাকায়। এ ছাড়া আমাদের সময়-এর প্রচারসংখ্যা এক লাখ ৬৫ হাজার ৪০০।সংসদে আরও জানানো হয়, দেশে সরকারি পর্যায়ে নতুন দুটি টেলিভিশন চ্যানেল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য ‘সংসদ বাংলাদেশ’ চ্যানেলের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। বিটিভি ‘উন্নয়ন চ্যানেল’ নামে আরও একটি চ্যানেল চালুর প্রস্তুতি চলছে। ‘উন্নয়ন চ্যানেল’ অচিরেই পরীক্ষামূলক সম্প্রচারে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে জানানো হয়, ভারতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো যাতে দেখানো হয়, সে ব্যাপারে আলোচনা চলছে।আরেক প্রশ্নের জবাবে জানানো হয়, বিটিভি ও বাংলাদেশ বেতারের বিশেষ দিবসের তালিকায় সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং ৭ নভেম্বর অন্তর্ভুক্ত নেই।অপর এক প্রশ্নের জবাবে জানানো হয়, বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন। চ্যানেলগুলো সৃজনশীল বিজ্ঞাপন প্রচার না করে বিরক্তিকর ও অসৃজনশীল বিজ্ঞাপন প্রচার করলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।