প্রচারের অভাবে নিথর পর্যটন মেলা
বাংলা একাডেমী আয়োজিত একুশের বইমেলা কেড়ে নিয়েছে পাদপ্রদীপের সব আলো। মেলা প্রাঙ্গণের উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু চলছে আরেকটি মাসব্যাপী মেলা। পোশাকি নাম পর্যটন মেলা, আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অবশ্য উত্সবের আবহ নেই মেলায় আসা গুটিকয়েক দর্শনার্থীর মধ্যে; বরং অভিযোগই শোনা গেল এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কর্মীদের কাছ থেকে, যার সবচেয়ে জোরালোটি হচ্ছে প্রচারের অভাব।পর্যটন মেলায় লোকজনের আনাগোনা নেই বললেই চলে। বইমেলা কিংবা উদ্যানে ঘুরতে গিয়েই কেবল কেউ কেউ ঢুঁ মারছেন এখানে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কর্মীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, উত্সবের জন্য খুব একটা প্রচার চালানো হয়নি। প্রচার পেলে মেলায় লোকজন বেশি আসবে বলে স্টলের কর্মীরা আশা করছেন।এ রকম ধুলাবালুযুক্ত পরিবেশে উত্সবের আয়োজন করা ঠিক হয়নি। যাঁরা গাড়ি নিয়ে আসবেন, তাঁরা কীভাবে আসবেন?—এমন প্রশ্ন তোলেন কেউ কেউ। এক কর্মী জানান, এখানে কোনো টয়লেটের ব্যবস্থা করা হয়নি। অভিযোগ করার পর দুটি প্রস্রাবখানার ব্যবস্থা করা হয়েছে। সেখানে আবার পানি থাকে না। এ বিষয়ে কথা বলতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্টলে গেলে উপস্থিত কেউ কথা বলতে রাজি হননি।কর্তৃপক্ষের উদাসীনতার পরও পর্যটন উত্সবকে কিছুটা পরিপূর্ণ করছেন এতে অংশগ্রহণকারীরা। নড়াইলের পানিপাড়া থেকে এসেছে অরুনিমা কান্ট্রিসাইড ও গলফ রিসোর্ট। প্রতিষ্ঠানটির কর্মী বাপ্পী জানান, গ্রামীণ পরিবেশে ৩০ একর জমিতে তাঁদের এই পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। দেশের একমাত্র বেসরকারি গলফ সেন্টার এখানে রয়েছে। তিনি দেশের বিভাগীয় শহরসহ বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে এমন পর্যটন মেলার আয়োজন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।পর্যটন উত্সবের স্টলে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ও দেশের বাইরে ভ্রমণে যাওয়ার ‘প্যাকেজ’ জানা যাচ্ছে। কত খরচ পড়তে পারে এবং কীভাবে যেতে হবে—সেই ধারণাও পাওয়া যাচ্ছে। পর্যটন বিচিত্রা ও ওয়ার্ল্ড ভিউ নামে দুইটি পত্রিকা পাওয়া যাচ্ছে। একটি স্টলে পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধের গানের সংকলন ‘জাগরণের গান’। উত্সবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল অবকাশের একটি স্টল রয়েছে, যেখানে খাবার পাওয়া যাচ্ছে। আইডিয়া ক্রাফটস নামের একটি স্টলে মাটি, কাঠ, বাঁশের তৈরি গয়না, মুখোশ, শো-পিসসহ ঘর সাজানোর বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। উত্সবে এসে সাধারণ মানুষেরা সহজেই ধারণা পাচ্ছে, দেশের পর্যটন ও ভ্রমণ-উপযোগী জায়গার।পর্যটন মেলায় ঘুরতে আসা চাকরিজীবী মাহবুব রহমান জানান, এখানে এসে অনেকেই বাংলাদেশের ঐতিহাসিক ও সুন্দর জায়গা সম্পর্কে জানতে পারছে। মেলায় মোট স্টল রয়েছে ২৪টি। ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ উত্সব।