প্রজন্ম লীগ ও দেশনেত্রী পরিষদের মধ্যে হাতাহাতি
বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও দেশনেত্রী পরিষদের নেতা-কর্মীদের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ দুটি সংগঠনের পৃথক মানববন্ধন পালনের কথা ছিল। মারামারির ঘটনার পর দেশনেত্রী পরিষদের মানববন্ধন পণ্ড হয়ে যায়। তবে প্রজন্ম লীগ সেখানে মানববন্ধন করে। ঘটনার পর দুই সংগঠনের নেতারা এ জন্য একে অপরকে দায়ী করেছেন।বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আওয়ামী লীগ-সমর্থিত একটি সংগঠন বলে পরিচিত। তারা যুদ্ধাপরাধীদের বিচারের সপক্ষে মানববন্ধন করতে প্রেসক্লাবের সামনে জড়ো হয়। অন্যদিকে দেশনেত্রী পরিষদ বিএনপি-সমর্থিত সংগঠন। তারা তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রের প্রতিবাদে মানববন্ধন করতে সেখানে জড়ো হয়। প্রত্যক্ষদর্শী ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, দেশনেত্রী পরিষদের নেতা-কর্মীরা সকাল পৌনে ১১টার দিকে মানববন্ধন করতে প্রেসক্লাবের সামনে পূর্বপাশে অবস্থান নেন। এর কিছু সময় পরে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা-কর্মী ব্যানার নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যায়। দেশনেত্রী পরিষদের কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিরোধ দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সেখানে উপস্থিত হলে প্রজন্ম লীগের নেতা-কর্মীরা দেশনেত্রী ফোরামের নেতা-কর্মীদের ধাক্কা দিতে থাকে। দুই পক্ষের মারামারি ও হাতাহাতির একপর্যায়ে দেশনেত্রী পরিষদের নেতা-কর্মী ও বিরোধীদলীয় চিফ হুইপ দৌড়ে প্রেসক্লাবে ঢুকে যান। এরপর আর দেশনেত্রী পরিষদ সেখানে আর কর্মসূচি পালন করতে পারেনি। ওই সংগঠনের শহিদুল ইসলাম ও জাকির হোসেন নামের দুজন আহত হন। এ ঘটনার পর সেখানে প্রজন্ম লীগ মানববন্ধন করে। এতে প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। মানববন্ধন পণ্ড হয়ে যাওয়ার পর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি শহীদ চৌধুরী বলেন, তাঁদের কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা-কর্মীরা হঠাত্ করে তাঁদের ওপর হামলা চালান। তাদের কিল-ঘুষিতে সংগঠনের ১০-১২ কর্মী আহত হন।তবে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেন বলেন, তাঁদের কোনো নেতা-কর্মী হামলা করেননি। নিজেরা মারামারি করে এখন তারা প্রজন্ম লীগের ওপর দোষ দিচ্ছে।ওই স্থানে দায়িত্বপ্রাপ্ত শাহবাগ থানার এক কর্মকর্তা বলেন, হঠাত্ করে প্রজন্ম লীগের কর্মীরা দেশনেত্রী পরিষদের সামনে দাঁড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা মাইক ছিনিয়ে নিয়ে যায়।