প্রজাপতি পার্ক এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাপতির কথা শুনলেই মনে ভেসে আসে রঙের বর্ণচ্ছটা। রঙিন এই প্রজাপতি ধরতে এর পেছনে ছোটেনি—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বাংলাদেশেরই কোনো পার্কে গিয়ে যদি দেখা যায় ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে হাজারো রঙের, হরেক জাতের প্রজাপতি, তাহলে কেমন হয়?স্বপ্ন নয়, গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কে গিয়ে এখন দেখা মিলবে হাজারো প্রজাপতির। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বন বিভাগ যৌথভাবে এ পার্ক তৈরি করেছে। গতকাল শুক্রবার এ পার্কের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এ পার্কের স্বপ্নদ্রষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ বাশার। তিনি দীর্ঘদিন ধরে প্রজাপতি নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণা সফল করতে বন বিভাগ ২০০৭ সালে ভাওয়াল জাতীয় উদ্যানে ১০ একর ভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয়। এখানেই গড়ে উঠেছে উন্মুক্ত প্রজাপতি গবেষণা উদ্যান। গতকাল এ পার্ক উদ্বোধন করতে গিয়ে বনমন্ত্রী বলেন, ‘প্রকৃতিকে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আর সে কারণেই ১০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।’ বিশেষ অতিথির বক্তব্যে প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী বলেন, বন ও পরিবেশের সুস্থতা নিরূপণে প্রজাপতির গুরুত্ব অনেক। অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশকে সুন্দর করে তুলতে এ গবেষণা একটি অনন্য উদাহরণ। এম এ বাশার ও তাঁর গবেষক দল গত ১২ বছরের বেশি সময় ধরে গবেষণা করে ১০টি গোত্রের ৩০০ প্রজাতির প্রজাপতি শনাক্ত করেছেন। তবে বাংলাদেশে ১০টি গোত্রের ৬০০ প্রজাতির প্রজাপতি রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এ উদ্যানে ৩৫টি গোত্রের ১৪৬ প্রজাতির প্রায় ৩৭ হাজার গাছ আছে। এখানেই থাকে বাহারি সব প্রজাপতি। আয়োজকেরা জানিয়েছেন, আপাতত প্রতি শুক্রবার খোলা থাকবে এ পার্ক। আর এক বছর পর প্রতিদিনই এ পার্ক খোলা থাকবে।