উচ্চ আদালতের নির্দেশে ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এগুলোর তীরের আশপাশের এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। তা গেজেট আকারে প্রকাশের জন্য ২০০৯ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, গেজেট আকারে প্রকাশ পাওয়ার পর এটি কার্যকর ধরা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৪ অক্টোবর প্রজ্ঞাপনটি গেজেট আকারে এসেছে। কিন্তু প্রজ্ঞাপনে উল্লিখিত পরিবেশ দূষণকারী নিষিদ্ধ কাজগুলো এখনো চলছে। গেজেট প্রকাশ হওয়ার পরই প্রতিবেশগত সংকটে থাকা ঢাকার চার নদী রক্ষায় কাজ করার কথা পরিবেশ অধিদপ্তরের। অথচ অধিদপ্তরে যোগাযোগ করে জানা গেছে, তারা হাতে গেজেট পাওয়ার অপেক্ষায় এখনো বসে আছে।এদিকে অনেকটা ঘটা করেই ৬ জানুয়ারি বুড়িগঙ্গা নদীর বর্জ্য অপসারণের কাজ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে বর্জ্যের উত্স বন্ধ না করেই এ কাজে হাত দেয় তারা। অপসারিত বর্জ্য ব্যবস্থাপনায়ও পরিকল্পনার ঘাটতি চোখে পড়েছে। বুড়িগঙ্গা থেকে উত্তোলিত বর্জ্য আবারও নদী তথা পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, নদী থেকে বর্জ্য অপসারণের কাজে হাত দেওয়া হলেও পরিকল্পনার অভাব থাকায় ওই কর্মকে সাধুবাদ জানাতে পারছেন না পরিবেশবাদীরা।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২০০৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে ঢাকার চারপাশের চার নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করার কথা। তার পরের ছয় মাসের মধ্যে নদীগুলো রক্ষায় প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়ন করতে বলেছেন উচ্চ আদালত।গেজেটের খবর কে রাখে?পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা মহানগরের চার নদী ও এগুলোর তীরবর্তী এলাকার পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রজ্ঞাপন তৈরি করেছে। এর মূল লক্ষ্য হচ্ছে, নগরের চার নদীর নাব্যতা রক্ষা ও এগুলোর বুক থেকে দখলদারদের উত্খাত করা। তা বাস্তবায়নে কাজ করবে পরিবেশ অধিদপ্তর।২০০৯ সালের ১ সেপ্টেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের (পরিবেশ শাখা-৩) জ্যেষ্ঠ সহকারী সচিব জাকিয়া সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন (নং-পবম/পরিবেশ-৩/৫/মামলা-০৪/২০০৯/৩৮৫) থেকে জানা যায়, মানুষের অসচেতনতা ও অপরিকল্পিত কার্যকলাপের কারণে নগরের চারপাশে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর প্রতিবেশব্যবস্থা সংকটে পড়েছে। ভবিষ্যতে এই সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এ সংক্রান্ত একটি রিট পিটিশনের (নম্বর ৩৫০৩/২০০৯) রায়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ নগরের চারপাশে থাকা ওই চার নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন।প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মানোন্নয়ন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যে চারটি নদী ও এগুলোর তীরবর্তী এলাকায় বেশকিছু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এটি বাংলাদেশ গেজেটে প্রকাশ হওয়ার দিন থেকে নদীগুলোয় নিষিদ্ধ কোনো কার্যকলাপ করা যাবে না।২০০৯ সালের ১ সেপ্টেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের (পরিবেশ শাখা-৩) জ্যেষ্ঠ সহকারী সচিব জাকিয়া সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ঘেঁটে দেখা গেছে, তা গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। এ ছাড়া গেজেটে প্রকাশের পর তার ৫০ কপি মন্ত্রণালয়কে দিতে অনুরোধ করা হয়েছে বিজি প্রেসে পাঠানো ওই প্রজ্ঞাপনে। তবে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে কি না তা জানাতে পারেননি পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও বিজি প্রেসের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা-কর্মচারী।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটির গেজেট হবে কবে? এমন প্রশ্নে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জাফর আহমেদ খান জানান, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়টি বলতে পারবেন। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি গেজেট আকারে এলে অধিদপ্তর প্রথমে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তা সবাইকে জানানোর চেষ্টা করবে। এ ছাড়া নদীতে যে কার্যাবলি নিষিদ্ধ করা হয়েছে, মানুষ যাতে তা না করে এর জন্য নদীগুলোর তীরে বিলবোর্ড বসানো হবে বলে জানান জাফর আহমেদ খান।গত ২০ জানুয়ারি মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার জানান, তাঁকে অনেক বিষয় দেখতে হয়। তাই ঢাকার চার নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা করে যে প্রজ্ঞাপন তৈরি হয়েছে, তা গেজেটে প্রকাশিত হয়েছে কি না তিনি বলতে পারছেন না। খোঁজ নিয়ে তারপর জানাতে পারবেন। ২৮ জানুয়ারি আবার তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০০৯ সালের ৪ অক্টোবর প্রজ্ঞাপনটি গেজেট আকারে এসেছে। মিহির কান্তি মজুমদারের জানানো তারিখ অনুযায়ী বিজি প্রেসের ওয়েবসাইট ঘেঁটে পাওয়া যায় গেজেটটি।নিষিদ্ধ কার্যকলাপ চলছেই...পরিবেশ মন্ত্রণালয়ের গেজেট প্রকাশিত হওয়ার দিন অর্থাত্ গত ৪ অক্টোবর থেকে প্রজ্ঞাপনটি কার্যকর হওয়ার কথা। কিন্তু এখনো শিল্পকারখানাগুলোর নানা উপকরণ ধোয়ার কাজ চলছে নদীতে। সেগুলোর রাসায়নিক পদার্থ মিশছে নদীর পানিতে। শিল্পপ্রতিষ্ঠানগুলো মাটি, পানি, বায়ু ও শব্দদূষণের কর্ম চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীর তীরে এখনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে। নগরের বাসাবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের পয়ো ও শিল্পবর্জ্য নদীতে যাচ্ছে আগের মতোই। একদিকে চলছে বুড়িঙ্গার বুক থেকে বিআইডব্লিউটিএর বর্জ্য অপসারণের কাজ। আবার নদীর বুকে কিংবা তীরে আমজনতা ফেলছে পলিথিনসহ নানা ধরনের বর্জ্য। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যায় অবাধেই চলছে প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস বা সৃষ্টিকারী কার্যকলাপ। জেলেদের এখনো পর্যন্ত কেউ মাছ ধরতে বারণ করেনি বলে জানা যায়। গেজেট প্রকাশের পরও মিরপুর বেড়িবাঁধ সড়কের তুরাগ নদীর পাশের অনেক জায়গা বালি দিয়ে ভরাট করা হয়েছে। বর্জ্যের উত্স বন্ধ হবে কবে?নগরের চারপাশের নদীগুলোয় বর্জ্য আসছে একাধিক উত্স থেকে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নদীতে বা তীরে আবর্জনা ফেলা, নর্দমা দিয়ে নদীতে বর্জ্য যাওয়ার কারণে নগরের নদীগুলো দূষিত হচ্ছে। এ প্রসঙ্গে বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান জানান, এখন আবার পলিথিনের থলের ব্যবহার বেড়ে গেছে। ফলে নদীতে পলিথিনের বর্জ্য বেড়ে গেছে। নদীগুলোর পানিদূষণকারী উত্স বন্ধ করতে না পারলে নদী সংরক্ষণের অন্য সব কার্যক্রম ব্যর্থ হবে বলে তিনি জানান।বিআইডব্লিউটিএর তথ্যানুযায়ী, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ঢাকা ওয়াসার ৪২টি নর্দমা দিয়ে বুড়িগঙ্গায় বর্জ্য যাচ্ছে। নগরের ৭০ ভাগ পয়োবর্জ্য চারপাশের চার নদীতে যাচ্ছে। এসব নদীতীরের দুই হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য নদীতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর পানিদূষণের অন্যতম কারণ হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য। হাজারীবাগের প্রায় ১৮৫টি চামড়াশিল্প কারখানা প্রতিদিন গড়ে ২১ হাজার ৬০০ ঘনমিটার অপরিশোধিত বর্জ্য নির্গত করছে। এই বর্জ্য মূলত বুড়িগঙ্গা নদীর পানি দূষিত করছে। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৯ সালের ১০ নভেম্বর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন (এনফোর্সমেন্ট) কার্যক্রমের সারসংক্ষেপ ঘেঁটে দেখা গেছে, ঢাকা বিভাগের ৩৯৭টি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) নেই। আবার ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শনের সময় ইটিপি থাকার পরও ১১৩টি শিল্পপ্রতিষ্ঠানে তা বন্ধ কিংবা অকার্যকর ছিল। বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠানের অপরিশোধিত তরল বর্জ্য বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী ও বংশী নদীতে অপসারিত হচ্ছে বলে সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।এদিকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, নদ-নদী ও অন্যান্য দূষণ বন্ধে শিল্পপ্রতিষ্ঠানে ২০১০ সালের ৩০ জুনের মধ্যে ইটিপি বসাতে হবে। আবার ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগরের হাজারীবাগ থেকে চামড়া পাকা করার কারখানাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জাফর আহমেদ খান জানান, উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যাতে শিল্পকারখানাগুলো ইটিপি বসায় সে জন্য তাঁরা আইনগত পথ ধরেই কাজ করছেন। হাজারীবাগের চামড়াশিল্প স্থানান্তরেও তাঁরা একই পথে এগোচ্ছেন। যেসব শিল্পপ্রতিষ্ঠানের মালিক ইটিপি বসাতে বা হাজারীবাগ থেকে অন্য জায়গায় যেতে গড়িমসি করছেন, তাঁদের নোটিশ দেওয়া হচ্ছে। এর পরও তাঁরা আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী ও নদীতীরে নিষিদ্ধ ঘোষিত কার্যাবলি সব ধরনের শিকার; নদীতে বাস করা জলজ প্রাণী ধরা বা সংগ্রহ; প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস করে এমন সব ধরনের কার্যকলাপ; ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট কিংবা পরিবর্তন করতে পারে এ রকম কাজ; মাটি, পানি, বায়ু ও শব্দদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর যেকোনো কার্যাবলি; নদীগুলোর চারপাশের বাসাবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের পয়ঃপ্রণালি সৃষ্ট বর্জ্য ও তরল বর্জ্য নির্গমন।