প্রজ্বলিত প্রতিবাদে মুখর দেশ (ভিডিও)
ঘড়ির কাঁটা সাতটা ছুঁই ছুঁই। মুহূর্তেই শাহবাগের প্রজন্ম চত্বরে জ্বলে ওঠে হাজার হাজার মোমবাতি। শাহবাগের আলোয় ভাসে পুরো দেশ। এই শিখা প্রতিবাদের। এই আলো একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশে মোমবাতি জ্বালানো হয়। দেশের প্রতিটি প্রান্তের মানুষ যে যেখানে ছিলেন, সেখান থেকে একটি করে মোমবাতি জ্বেলে শাহবাগের আন্দোলনের প্রতি তাঁদের একাত্মতা জানিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তিন মিনিট নীরবতা পালন করে সারা দেশ। তিন মিনিট স্তব্ধ ছিল শাহবাগ। স্তব্ধ ছিল দেশ। এরপর ওই দিন রাতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শাহবাগের আন্দোলনের দশম দিন আজ। আজ বিশ্ব ভালোবাসা দিবস। এবারের আগুনঝরা ফাগুনের এ ভালোবাসা সবাই ঢেলে দিচ্ছেন জাতির জন্য, গোটা দেশের জন্য। সে ভালোবাসার টানে আজও সকাল থেকে প্রজন্ম চত্বরের দিকে দুর্বার বেগে ছুটে চলেছে জনস্রোত। এই জনস্রোত আর সমাবেশ দেশের প্রতিটি প্রান্তে সব মানুষকে একই দাবিতে অটল রেখেছে। সংহতি জানালেন যাঁরাদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান আজ সকালে শাহবাগে গিয়ে আন্দোলনে সংহতি জানান। দুদকের চেয়ারম্যান বলেন, ‘আমরা যে শেষ হয়ে যাইনি, তা তরুণেরা আবার দেখাল।’ দুপুরের দিকে অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা শাহবাগে যান সংহতি জানাতে। তিনি বলেন, ‘বাংলাদেশের কণ্ঠস্বরে সুর মেলাতে এসেছি।’স্লোগানে স্লোগানে মুখরিত প্রজন্ম চত্বর‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন স্লোগান।আন্দোলনের সময়সীমা আয়োজকদের কয়েকজন জানান, এই আন্দোলন আর কত দিন এবং কীভাবে চলবে—তা নিয়ে তাঁরা বেশ কয়েকবার বৈঠক করেছেন। বিশেষ করে ব্যস্ততম শাহবাগ মোড় বন্ধ থাকায় নগরের যানজটের বিষয়টি মাথায় রেখেই এই আলোচনা হয়েছে বলে জানান তাঁরা।একাধিক আয়োজক বলেন, বিষয়টি এখন আর আয়োজকদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এ অবস্থায় আন্দোলন কত দিন চলবে, এমন সীমা বেঁধে দিলে মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হয়, তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে।আন্দোলনের আয়োজক ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘আমাদের আন্দোলনে কিছু কিছু বিজয় এর মধ্যে অর্জিত হয়েছে। আমরা চাই, সাধারণ মানুষ যে লক্ষ্য নিয়ে এই আন্দোলনে নেমেছেন, সেই দাবি পূরণ হোক। তা হলে বলা যাবে চূড়ান্ত বিজয় হয়েছে।’আর কত দিন এই আন্দোলন চলবে—এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘সাধারণ মানুষ এই আন্দোলনে আছেন। তাঁরা স্বেচ্ছায় শাহবাগে আসছেন। তাঁরা মনে করছেন, এই আন্দোলন বন্ধ হলে লক্ষ্য পূরণ না-ও হতে পারে। এই আন্দোলন কত দিন চলবে, তা জনগণই সিদ্ধান্ত নেবেন।’মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের পর তাত্ক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক শাহবাগে অবস্থান নেয়। তরুণেরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি করেন। ৫ ফেব্রুয়ারি বিকেলে খুব ছোট পরিসরে এই প্রতিবাদ শুরু হলেও সন্ধ্যা নাগাদ সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ এসে যোগ দিতে থাকেন। তিন দিনের মাথায় গত শুক্রবার লাখো মানুষের মহাসমাবেশে তরুণেরা তাঁদের দাবি তুলে ধরেন এবং মানবতাবিরোধীদের সর্বোচ্চ সাজার রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন। তরুণদের অন্য দাবির মধ্যে ছিল: মানবতাবিরোধী অপরাধী ও জামায়াত-শিবিবের রাজনীতি নিষিদ্ধ করা। পঁচাত্তরের পর ছেড়ে দেওয়া সব অপরাধীকে ট্রাইব্যুনালে বিচার করা, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা, জামায়াতের অর্থে পরিচালিত সব প্রতিষ্ঠান বর্জন করা, গৃহযুদ্ধের হুমকি দেওয়া জামায়াতের নেতাদের গ্রেপ্তার করা। গতকাল বুধবারও শাহবাগ নবজাগরণ মঞ্চ থেকে এসব দাবি জানিয়ে দিনভর স্লোগান দেওয়া হয়। দুপুরের দিকে খবর আসে, কাদের মোল্লা ও অভিযুক্ত কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে। এই খবরের পর সেখানে কিছু সময়ের জন্য আনন্দ বয়ে যায়।