প্রণব ঢাকায়, দ্বিপক্ষীয় অমীমাংসিত বিষয় আলোচনায় আসবে
দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার আলোচনা করবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নসহ অমীমাংসিত বিষয়গুলো। তবে তাঁর এ সফরে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা নেই। আগের দুই শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা হতে পারে। প্রণব মুখার্জি গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় ঢাকায় আসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে অনুষ্ঠেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী যৌথভাবে উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই ঢাকা সফর। আজ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় দুই দেশের সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা গুরুত্ব পাবে। ত সেপ্টেম্বরে ঢাকা শীর্ষ বৈঠকের পর ভারতের কোনো উচ্চপর্যায়ের নেতার সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসছেন। সেই দৃষ্টিকোণ থেকে প্রণব মুখার্জির সফরটি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তিস্তা চুক্তি সই না হওয়া ও সীমান্ত প্রটোকল সইয়ের পর অনুস্বাক্ষর না হওয়ায় বাংলাদেশের হতাশা রয়েছে। আর এ দুটি বিষয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া অনেকাংশেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে আটকে আছে। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সম্প্রতি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। এ প্রেক্ষাপটে প্রণব মূখার্জি বাংলাদেশের নেতৃত্বকে নিশ্চয় নতুন কোনো বার্তা দেবেন বলে আশা করছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় অন্য বিষয়গুলোর পাশাপাশি টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশের দেওয়া যৌথ সমীক্ষা প্রস্তাবের অগ্রগতি জানতে চাইবে ঢাকা। পাশাপাশি ভারতের আন্তনদী সংযোগের ব্যাপারে উদ্বেগ জানানো হবে। এ ছাড়া সীমান্তে প্রাণহানি বন্ধ করা, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল ও ভুটানকে অন্তর্ভুক্ত করে পানি ও বিদ্যুতের সমস্যা মেটানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হবে। ভারতের পক্ষ থেকে ট্রানজিট চালু ও বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের ব্যাপারে জানতে চাওয়া হতে পারে। তবে বাংলাদেশ ট্রানজিটের বিষয়টি সমন্বিতভাবে নেপাল ও ভুটানকে অন্তর্ভুক্ত করে দেওয়ার এর আগের সিদ্ধান্তটি জানাবে। সেই সঙ্গে অবকাঠামোগত দুর্বলতার বিষয়টি জানাবে। বন্দী প্রত্যর্পণের বিষয়টি ঢাকা আরও যাচাই-বাছাই করবে বলেও উল্লেখ করবে। গত বছর ঢাকা শীর্ষ বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি সই করেন। এর আওতায় দুই পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে যৌথ কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রথম বৈঠক আগামীকাল সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠক সম্পর্কেও আলোচনা হতে পারে।