প্রণব মুখার্জি আসছেন আজ
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ শনিবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। কাল রোববার সকালে অনুষ্ঠেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী যৌথভাবে উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এ ঢাকা সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ রাত নয়টার দিকে ম্যানিলা থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকায় পৌঁছাবেন প্রণব মুখার্জি। ভারতের অর্থমন্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এরপর তিনি সরাসরি যাবেন সোনারগাঁও হোটেলে। প্রণব মুখার্জি কাল রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সেখানে এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সঙ্গে আলোচনায় অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে তিস্তা ও সীমান্ত প্রটোকল গুরুত্ব পাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বিষয় দুটি প্রাধান্য পাবে প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে।গণভবনের আনুষ্ঠানিকতা শেষে ভারতের অর্থমন্ত্রী সোনারগাঁও হোটেলে ফিরে যাবেন। সেখানে প্রথমে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই অনুষ্ঠান শেষে প্রণব মুখার্জির ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।