প্রণব মুখার্জি চার ঘণ্টার সফরে আজ আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ শনিবার বিকেল চারটায় ঢাকায় আসছেন। চার ঘণ্টার এ ঝটিকা সফরে তিনি ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতের অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাকা সফরের সময় প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা করবেন।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রণব মুখার্জির সফরের সময় হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হবে। দিল্লিতে গত জানুয়ারিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতি হলেও সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা থেকে যায়। এমন প্রেক্ষাপটে প্রণবের সফরটি সংক্ষিপ্ত হলেও বেশ গুরুত্বপূর্ণ। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ বার্তা নিয়েই তিনি ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে পর্যালোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে গত মাসে চিঠি লেখেন। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রণব ঢাকায় আসছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে কথা বলবেন প্রণব মুখার্জি। তাঁদের আলোচনায় সন্ত্রাসবাদ দমন, যোগাযোগ প্রতিষ্ঠা, বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ, বিদ্যুৎ খাতে সহায়তা, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। প্রণব মুখার্জির এবারের সফরের একটি বিশেষ দিক ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি সই। এক্সিম ব্যাংকের (এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া) সঙ্গে চুক্তিটি সই করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চুক্তি সই হবে। সড়ক অবকাঠামো উন্নয়ন, রেলওয়ের সংস্কার, বাস কেনা ও নদীখনন কাজে ওই টাকা ব্যবহারের কথা রয়েছে।উল্লেখ্য, বিভিন্ন দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বিনিময় ও ঋণসহায়তা দেয় ভারতের রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক। ভারত সরকার ১৯৮২ সালে বিশেষায়িত এ ব্যাংকটি প্রতিষ্ঠা করে।কংগ্রেসের নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক জোট (ইউপিএ) গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটি প্রণব মুখার্জির দ্বিতীয় সফর। গত বছরের ৯ ফেব্রুয়ারি তিনি ঢাকা এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে।সফরসূচি: প্রণব মুখার্জি বিকেল চারটায় দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় আসবেন। বিমানবন্দর থেকে আসবেন হোটেল সোনারগাঁয়। বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক। এরপরই তিনি আলোচনা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে। বৈঠক শেষে ঋণসহায়তা চুক্তি সই হবে। এরপর সংবাদ সম্মেলন। যমুনা থেকে সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে যাবেন গণভবনে, সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আলোচনা শেষে সরাসরি চলে যাবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত আটটায় তাঁর ঢাকা ছাড়ার কথা।সফরসঙ্গী: চার ঘণ্টার ঝটিকা সফরে প্রণব মুখার্জি ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁদের মধ্যে পাঁচজন কর্মকর্তা। আর গণমাধ্যম কর্মী চারজন। উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব টি এস তিরুমূর্তি ও অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক বিষয়ক বিভাগের যুগ্মসচিব প্রবোধ সাক্সেনা। উপহার: সফরের ব্যাপ্তি যাই হোক, সে তো সফরই। আর বাঙালির উপহার বিনিময়ের রেওয়াজটা হাজার বছরের ঐতিহ্য। প্রণবের এবারকার সফরেও তার ব্যত্যয় ঘটছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় অর্থমন্ত্রীর হাতে যেমন পাঞ্জাবি তুলে দেবেন, তেমনি তাঁর স্ত্রীর জন্য দেবেন দুটি জামদানি শাড়ি। সঙ্গে থাকবে আরও উপহার—দুই কেজি ওজনের পদ্মার আটটি ইলিশ আর দই-মিষ্টি।