একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের আগামী ১৫ ডিসেম্বর সম্মাননা দেওয়া হবে।ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ এবার ১৫৩ ব্যক্তি ও সংগঠনকে সংবর্ধনা দেওয়ার জন্য নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তাঁদের এ সম্মাননা দেবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্ত মন্ত্রণালয় সভায় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।ইতিমধ্যে মনোনীতদেরকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ভারতের রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর জন্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী শিগগিরই দিল্লি সফরে যাবেন। স্বাধীনতার চার দশক পূর্তিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো বিদেশিদের সম্মান জানাতে বর্তমান সরকার চতুর্থবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করছে। খবর বাসসের।এর আগে গত বছর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মানিত করার প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ২৫ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সাবেক প্রধানমন্ত্রীর পুত্রবধূ ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর হাতে তুলে দেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’। আর চলতি বছরের ২৭ মার্চ ৮২ ব্যক্তি ও সংগঠনের মধ্যে আটজনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ৭৪ ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়। ২০ অক্টোবর দুজনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ৫৯ ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।