প্রণবকে শিবসেনার সমর্থন, আরও কোণঠাসা মমতা
আগামী ১৯ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। ওই নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের রাজনীতি। গত শুক্রবার রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকেই বেছে নেয় ক্ষমতাসীন দল কংগ্রেস। তবে জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখার্জিকে সমর্থন দেননি।মততা সমর্থন না দিলেও সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবসহ বেশ কয়েকটি দল প্রেসিডেন্ট পদে প্রণবকে যোগ্য মনে করে সমর্থনও দিয়েছে। গতকাল বিজেপি নেত্রী মানেকা গান্ধীও প্রণব মুখার্জিকে সবচেয়ে যোগ্য প্রার্থী বলে উল্লেখ করেন।মমতা শুধু প্রণবের বিরোধিতা নয়, সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের সমর্থনে মাঠেও নামেন। পছন্দের প্রার্থী এ পি জে আবদুল কালামের পক্ষে প্রচারণা চালাতে আশ্রয় নেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। অথচ একসময় এই ফেসবুকের বিষোদগার করতেন তিনি। কিন্তু আবদুল কালাম গতকাল এক বিবৃতিতে যখন জানান, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না। তখন আরও বিপদে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি প্রার্থী সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী সামনে আরও কী কী পদক্ষেপ নেন, তাই দেখার বিষয়। মমতার প্রবল বিরোধিতা সত্ত্বেও প্রণব মুখার্জির প্রতি সমর্থন বাড়ছে দিনকে দিন। সবশেষে ভারতীয় রাজনীতিতে কট্টরপন্থী শিবসেনা গতকাল সোমবার রাতে প্রণবকে সমর্থনের কথা জানিয়েছে। এই সমর্থনের ব্যাপারটি এসেছে সরাসরি দলের প্রধান বাল থাকরে এবং তাঁর ছেলে উত্থাব থাকরের পক্ষ থেকে। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে প্রণব মুখার্জিকে সমর্থন করবে শিবসেনা।’এনডিএ জোটের অন্যতম শিবসেনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সবচেয়ে পুরোনো মিত্র। এর আগে কয়েক দফা বৈঠক করে এনডিএ জোট আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এখনো প্রার্থী ঠিক করতে পারেনি।২০০৭ সালেও কংগ্রেস মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী প্রতিভা পাতিলকে সমর্থন দিয়েছিল শিবসেনা।