প্রণবের কাছে তিস্তার অগ্রগতি জানতে চাইলেন খালেদা
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির কাছে তিস্তার পানি বণ্টন চুক্তির অগ্রগতির ব্যাপারে জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেছেন, এটা বাংলাদেশের জন্য দরকার। প্রণব মুখার্জি বলেন, তিস্তার পানি চুক্তি নিয়ে ভারতে জাতীয় ঐক্য গড়ার চেষ্টা চলছে। এটা হলেই তিস্তা পানি বণ্টন চুক্তি সই হবে।আজ রোববার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ হয়। রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়।টিপাইমুখ বাঁধের ব্যাপারে জানতে চাইলে প্রণব মুখার্জি বলেন, দুই দেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে টিপাই মুখ বাঁধ নির্মাণকাজ করা হবে। এতে উভয় দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করা হবে। তবে কমিটিতে সরকারের বাইরে রয়েছেন—এমন নদী বিশেষজ্ঞদের রাখার জন্য অনুরোধ জানান খালেদা জিয়া।সাক্ষাতে খালেদা জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রণব মুখার্জি। খালেদা এ আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে ভারত সফরের ইচ্ছা পোষণ করেন।