প্রণবের ভাষণে তরুণেরা মুগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় চতুষ্কোণ টুপি, গায়ে কালো গাউন। সমাবর্তনের এই ঐতিহ্যবাহী পোশাক পরে হাজার হাজার শিক্ষার্থী সকাল থেকেই আসতে শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। কলা ভবন, টিএসসি, কার্জন হল থেকে শহীদ মিনার তাঁদের প্রাণবন্ত পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছিল। গতকাল সোমবার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠান। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে প্রবেশ করেন দোয়েল চত্বরের পাশে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে।শিক্ষা শেষে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনদ গ্রহণ করার এই অনুষ্ঠান যেকোনো শিক্ষার্থীর জীবনেই এক বিশেষ আনন্দঘন মুহূর্ত। সেই আয়োজন তাঁরা উপভোগ করলেন অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে। অনুপ্রাণিত হলেন সমাবর্তন বক্তা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উৎসাহব্যঞ্জক ভাষণে।সমাবর্তনের মূল অনুষ্ঠানটি হয় বিধিবদ্ধ নিয়মে এবং সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে। লাল গাউন পরে ডিনরা বসলেন মঞ্চের দুই পাশে। সবুজ গাউন পরে মাঝে উপবিষ্ট হলেন সমাবর্তন বক্তা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তাঁর পাশেই কালো গাউন পরিহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং দুই সহ-উপাচার্য নাসরিন আহমেদ ও সহিদ আক্তার হুসাইন।রাষ্ট্রাচার অনুসরণে প্রথমেই সমাবর্তন অতিথি দেশের এবং পরে স্বাগতিক দেশের জাতীয় সংগীতের সুর বাদন করা হয়। উপাচার্যের অনুরোধে অনুষ্ঠানের সভাপতি আচার্য জিল্লুর রহমান সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন।উপাচার্য সমাবর্তন অতিথি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদানের ঘোষণা দেন। তিনি আচার্যকে ডিগ্রি প্রদানের অনুরোধ জানান। আচার্য অতিথির হাতে ডিগ্রির স্মারক তুলে দেন। উপাচার্যের সবিনয় অনুরোধে তিনি ওই খাতায় ডিগ্রি প্রাপ্তির স্বাক্ষর করেন।এরপর অনুষদের ডিনরা আচার্যের সামনে পর্যায়ক্রমে তাঁদের অনুষদের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদানের জন্য নাম উপস্থাপন করেন। এবার সমাবর্তনে ৩৮ জন গবেষককে পিএইচডি, ৩৪ জনকে এমফিল, ৩৭ জনকে স্বর্ণপদক এবং সাত হাজার ৮০০ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।ডিগ্রি প্রদানের পর্ব শেষ হলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ের আন্দোলন-সংগ্রামে ছাত্রদের গৌরবোজ্জ্বল ভূমিকার উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তৃতা দেন।এর পরই ছিল সমাবর্তন অতিথি প্রণব মুখার্জির প্রতীক্ষিত ভাষণ। ভাষণটি কেবল আকর্ষণীয়ই ছিল না, অনুষ্ঠানে আনন্দের সংযত প্রবাহ সঞ্চার করেছিল। রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশেই তাঁর প্রথম সফর। খুব দীর্ঘ ছিল না তাঁর বক্তব্য, তবে তাতে ছিল সবকিছুই। স্মরণ করলেন শৈশবের কথা, বাংলাদেশে তাঁর শ্বশুরালয়ের কথা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ দেশের মানুষ যে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন, সে জন্য এই সুযোগে তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করলেন। বলেছেন, ‘আমার শিকড় বাংলাদেশের মাটিতে গাঁথা এবং আমি এর ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি আত্মভূত করেছি। আমার স্ত্রীর জন্ম নড়াইলে এবং এখানেই তিনি লেখাপড়া শুরু করেন। আমি বড় হয়েছি আপনাদের মতো একই সাহিত্যিক ও কবিদের লেখা পড়ে। সেই সব গান শুনে, যা আমাদের উভয় দেশের জনগণ ভালোবাসে। ঘুরে বেড়িয়েছি একই নদীর তীরে, যা একই রকম গানের জন্ম দেয়, যা আমাদের মনকে একই রকমভাবে ভাবিত করে তোলে।’বক্তৃতার এক পর্ব থেকে অন্য পর্বে যাওয়ার বিরতিতে বিপুল করতালি দিয়ে সবাই অভিনন্দন জানাচ্ছিলেন তাঁকে। বাংলাদেশের বর্তমান অবস্থার কথাও এল তাঁর বক্তব্যে। তুলে ধরলেন এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন সাফল্যের কথা। মানব উন্নয়নের শিক্ষা, স্বাস্থ্য, গড় আয়ু বৃদ্ধি, দারিদ্র্য নিরসনের প্রচেষ্টা প্রভৃতি ক্ষেত্রে অসাধারণ উন্নয়নের প্রসঙ্গ। বাদ পড়ল না তিস্তার পানিবণ্টন চুক্তি, বিদ্যুৎ, দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং ভিসা সহজীকরণের প্রসঙ্গও।দেশের শহীদদের স্মরণ করে তরুণ শিক্ষার্থীদের তিনি বললেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনাদের জানা উচিত যে আপনাদের একটি মহিমান্বিত অতীত আছে এবং প্রতিশ্রুতিভরা ভবিষ্যৎ আছে। জাতি গঠনের কাজে বাংলাদেশের তরুণ সমাজের বিচক্ষণতা, সচেতনতা ও সংশ্লিষ্টতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আপনাদের দিকে তাকিয়ে আমি নিশ্চিত বুঝতে পারছি যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।’ বিপুল করতালির মধ্যে তিনি বক্তৃতা শেষ করেন।এরপর বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর ভাষণে বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।এরপর সহ-উপাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাবর্তন অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। আচার্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।আনুষ্ঠানিকতার পর শিক্ষার্থীরা সারা ক্যাম্পাসে ছড়িয়ে পড়েন। ছবি তুলেছেন সহপাঠীদের সঙ্গে। আড্ডা দিয়েছেন চুটিয়ে। দোয়েল চত্বরের সামনে কথা হলো সমাবর্তনে অংশ নেওয়া আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর রেজওয়ানুল হক, মোফাসের আলম ও আবদুল্লাহ ইমরুল কায়েসের সঙ্গে। সবাই কর্মজীবনে ব্যস্ত। সমাবর্তন উপলক্ষে ফের দেখা। বলছিলেন, ভারতের রাষ্ট্রপতি অতিথি হিসেবে আসায় এবারের সমাবর্তনের গুরুত্ব বেড়েছে। সব থেকে আনন্দের বিষয়, তিনি বক্তৃতা করেছেন বাংলায়।