প্রণবের মনোনয়ন গৃহীত, সাংমার অভিযোগ উপেক্ষিত
প্রেসিডেন্ট পদে ভারতের কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের মনোনয়নপত্রে যেসব তথ্য দিয়েছেন, সেগুলোকে আজ মঙ্গলবার নির্ভুল বলে রায় দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। পিটিআইয়ের এক খবরে বলা হয়, প্রেসিডেন্ট পদের আরেক প্রার্থী পি এ সাংমা গতকাল সোমবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিলেন, প্রণব ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের সভাপতির পদে থেকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দাখিল করে নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন এবং এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়া উচিত।সাংমার অভিযোগের পরে এ বিষয়ে বিতর্ক বেশ জমে ওঠে। দেশটিতে ১৯ জুলাই প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে সাংমার অভিযোগের পরে তা ভিত্তিহীন প্রমাণিত হওয়াকে অনেক বিশ্লেষক নির্বাচনের ফলাফলের আভাস হিসেবে দেখছে।প্রণব মুখোপাধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও রাজ্যসভার মহাসচিব ভি কে অগ্নিহোত্রিকে জানান, তিনি মনোনয়নপত্র দাখিল করার আট দিনে আগে (২০ জুন) ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। প্রয়োজনীয় প্রমাণাদি দেখে অগ্নিহোত্রি প্রণবের যুক্তি মেনে নেন।সংসদবিষয়ক মন্ত্রী পি কে বানসাল ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম রিটার্নিং কর্মকর্তার কাছে নথিপত্র দাখিল করেন। পরে বানসাল সাংবাদিকদের বলেন, অগ্নিহোত্রিকে নিশ্চিত করা হয়েছে যে প্রণবের পদত্যাগপত্র ওই ইনস্টিটিউটের সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।