প্রণবের মনোনয়নে গর্বিত সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখার্জিকে ভারতের রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় গর্ববোধ করছেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।আজ বুধবার সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেটের ওপর আলোচনাকালে সাজেদা চৌধুরী আরও বলেন, ‘প্রথম বাঙালি হিসেবে ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস জোটের নমিনেশন পেয়েছেন। একজন বাঙালি হিসেবে আমি গর্বিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবিস্মরণীয় ভূমিকার কথা আমরা সবাই জানি। আমি আশা করছি, প্রণব মুখার্জির রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও জোরদার হবে।’ বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলের সাংসদদের উদ্দেশে সাজেদা চৌধুরী বলেন, ‘রোজার পরে, ঈদের পরে আলটিমেটামের নামে তামাশা না করে সংসদে আসুন। আপনাদের কথা বলুন, আমরা সবাই মিলে জাতীয় স্বার্থে কাজ করি।’সাজেদা চৌধুরী বলেন, জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের জরিপে শেখ হাসিনার কর্মকাণ্ডে দেশের ৭৭ শতাংশ জনগণের সমর্থন রয়েছে। সফল রাষ্ট্রনায়ক হিসেবে এশিয়ার মধ্যে শেখ হাসিনার অবস্থান সেরা সাতে। গ্যালাপ কোনো ভুঁইফোঁড় প্রতিষ্ঠান নয়। এরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও জনমত জরিপ করে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের ফলাফল সঠিক হয়ে থাকে। সংরক্ষিত আসনের সাংসদ শাহীন মনোয়ারা হক কালো টাকা ও পেশিশক্তিভিত্তিক নির্বাচন না করার জন্য নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আশা করি আগামীতে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া হবে।’বাজেটের ওপর আরও আলোচনায় অংশ নেন সাংসদ মহসিন আলী, মনোয়ার হোসেন চৌধুরী।