বাংলাদেশ-ভারত সম্পর্ক বিদ্যুৎ, নৌবন্দর ব্যবহার, সন্ত্রাসবাদ দমন, যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহায়তার বিষয়ে অগ্রগতি, সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা শিগগির
প্রণবের সফরে গতি পাবে সিদ্ধান্ত বাস্তবায়ন-প্রক্রিয়া
হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি বিষয়ে অগ্রগতি হলেও সামগ্রিকভাবে গত ছয় মাসে সিদ্ধান্ত বাস্তবায়ন-প্রক্রিয়া কিছুটা শ্লথ হয়ে পড়েছিল। এ অবস্থায় ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির আসন্ন ঝটিকা সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো হওয়াসহ প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের কাজে ফের প্রাণ সঞ্চার হবে বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো। ৭ আগস্ট ঢাকায় আসছেন প্রণব মুখার্জি।ঢাকার কর্মকর্তারা বলছেন, গত ১১ জানুয়ারি দিল্লির হায়দরাবাদ হাউসে দক্ষিণ এশিয়ার দুই নিকট-প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের আলোচনার পর সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে দুই পক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ, নৌবন্দর ব্যবহার, সন্ত্রাসবাদ দমন, যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহায়তার বিষয়ে অগ্রগতি হয়েছে। দীর্ঘ বিরতির পর সীমান্ত সমস্যা সমাধানে দুই পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে। তবে বাংলাদেশের অন্যতম প্রধান চাওয়া তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে এই সময়ে আর কোনো অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল সোমবার প্রথম আলোকে জানায়, এ প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। জানুয়ারির শীর্ষ বৈঠকের সিদ্ধান্তের পর কাজের অগ্রগতি পর্যালোচনা করতেই ভারতের ওই দুই জ্যেষ্ঠ মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্কে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ওই আলোচনার পর সিদ্ধান্ত বাস্তবায়ন-প্রক্রিয়াও সন্তোষজনকভাবে এগোচ্ছে। অমীমাংসিত সীমান্ত সমস্যা নিয়ে দীর্ঘ চার বছর পর এ মাসে দিল্লিতে আলোচনায় বসছেন দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।এক প্রশ্নের উত্তরে তারেক এ করিম বলেন, ‘প্রণব মুখার্জির ঢাকা সফরে যাওয়ার কথা আমাদের জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষ এখনো আমাদের কাছে সফরের চূড়ান্ত দিনক্ষণের বিষয়টি জানায়নি।’ মমতা ব্যানার্জির সফর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ৭ আগস্ট ঢাকা আসার কথা ছিল। বিশ্বকবির জন্মদিন উদ্যাপনের অংশ হিসেবে বিশেষ ট্রেন ‘সোনারতরী’তে আসার কথা ছিল তৃণমূল কংগ্রেসের এই নেত্রীর। এই সফরের সময় বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক দলের একটি অনুষ্ঠান আয়োজনেরও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ঢাকায় ভারতীয় হাইকমিশন গত ২৫ জুলাই চিঠি দিয়ে সফরটি স্থগিতের কথা জানিয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী মাসে জাতীয় শোক দিবসের আগে এ অনুষ্ঠানের ব্যাপারে বাংলাদেশ সরকারের শীতল মনোভাবের কারণে মমতা ব্যানার্জির সফরটি পিছিয়েছে। তা ছাড়া যে প্রক্রিয়া অনুসরণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশ সফর করতে চেয়েছিলেন, তাতে সায় ছিল না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও। সাধারণত বিদেশে কোনো সফরের বিষয় ভারতের যেকোনো মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করে। কিন্তু আগস্টে বাংলাদেশ সফরের বিষয়ে প্রক্রিয়াটি মানেননি মমতা ব্যানার্জি। সে দেশের রেল মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সফরের দিনক্ষণসহ পুরো বিষয়টি চূড়ান্ত করে। পরে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে তা নিয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। রেল মন্ত্রণালয়ের এ প্রক্রিয়াটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনঃপূত হয়নি। ঋণ-সহায়তা চুক্তি: প্রণব মুখার্জির আসন্ন ঢাকা সফরের সময় ভারতের প্রতিশ্রুত ঋণ-সহায়তা চুক্তি সইয়ের কথা রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে। ভারতের পক্ষ থেকে যে খসড়া পাঠানো হয়েছিল, তাতে কিছু ছোটখাটো সংশোধন করা হয়েছে। সড়ক অবকাঠামো উন্নয়ন, রেলওয়ের সংস্কার, বাস কেনা ও নদীখননের কাজে ওই টাকা ব্যবহারের কথা রয়েছে।মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, ঋণ-সহায়তা চুক্তি সইয়ের পর যেসব প্রকল্পে টাকা দেওয়া হবে, তার জন্য আলাদা করে চুক্তি সই হবে। ওডিসির জন্য উন্নয়ন: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ট্রানশিপমেন্টের জন্য আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত অবকাঠামো উন্নয়নের কাজ আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে। ত্রিপুরার পালাটানার প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রপাতি (ওভার ডাইমেনশনাল কনসাইনমেন্ট-ওডিসি) আশুগঞ্জ নৌবন্দর থেকে সড়কপথে আখাউড়া-আগরতলা সীমান্ত পর্যন্ত নেওয়া হবে। বিশেষায়িত ওই পণ্য পরিবহনের জন্য আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া-আগরতলা সীমান্ত পর্যন্ত সড়ক অবকাঠামো নির্মাণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারত। সে দেশের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ওটিপিসি (ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড) আশুগঞ্জ নৌবন্দর থেকে সীমান্ত পর্যন্ত সড়ক অবকাঠামোর মানোন্নয়নের জন্য অর্থায়ন করবে। ত্রিপুরার পালাটানায় প্রস্তাবিত ৭২৬ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে ওটিপিসি।জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, ‘বন্দর উন্নয়ন ও সড়ক অবকাঠামো নির্মাণের জন্য আমরা একটি সম্ভাব্য ব্যয় ধরেছিলাম। যেহেতু ওটিপিসি পুরো টাকাটা দিতে চায়, তাই আমাদের কোনো টাকা খরচ করতে হচ্ছে না। ভারতীয় ওই প্রতিষ্ঠান বাংলাদেশের ঠিকাদারের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাজটি করবে।’ ওই কাজের জন্য এর আগে সম্ভাব্য ব্যয় কত ধরা হয়েছিল জানতে চাইলে মোজাম্মেল হক খান বলেন, ‘আমরা প্রায় ২৪ কোটি টাকার বাজেট ধরেছিলাম। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগের জন্য ২২ কোটি ২০ লাখ এবং বাংলাদেশ রেলওয়ের জন্য এক কোটি ৫৫ লাখ।’ আশুগঞ্জ নৌবন্দরের উন্নয়নসহ আরও কিছু উন্নয়নকাজে প্রায় দুই কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এক কোটি ৩০ লাখ, পিডিবি ৩০ লাখ ৭০ হাজার, পল্লী বিদ্যুতায়ন বোর্ড আট লাখ ৮৭ হাজার ও সড়ক নির্মাণের জন্য গাছ সরাতে তিন লাখ টাকা।চার বছর পর জেবিডব্লিউজি বৈঠক: সীমান্তবিরোধ নিয়ে কথা বলতে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত কার্যকরী দলের (জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ-জেবিডব্লিউজি) বৈঠক এ মাসের প্রথমার্ধে দিল্লিতে হওয়ার কথা রয়েছে। যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে অনুষ্ঠেয় বৈঠকে সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করা, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের বিষয়গুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে। গত জানুয়ারিতে দিল্লি শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত বিষয়ে ঝুলে থাকা বিষয়গুলো সমাধানের জন্য আলোচনায় বসবে জেবিডব্লিউজি।সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা চুক্তিবিষয়ক খবরের শিরোনামে ‘১০০ কোটি টাকা’ ছাপা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।