প্রণবের সফরে তিস্তা ও সীমান্ত প্রটোকল গুরুত্ব পাবে
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ঢাকা সফরে দ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও সীমান্ত প্রটোকল অনুসমর্থনের তাগিদ দেবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সাংবাদিকদের বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর যৌথ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ৫ মে ঢাকায় আসছেন প্রণব মুখার্জি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হবে। তিনি নিজেও ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানান। এসব বৈঠকে দুই দেশের সম্পর্কের সব বিষয় পর্যালোচনা করা হবে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, চলমান পরিস্থিতিতে ভারতের অর্থমন্ত্রীর সফর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ। এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানা গেছে। দীপু মনি গতকাল তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৭ মে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে তিনি যৌথ কমিশনের প্রথম বৈঠকে বসবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের দেওয়া বন্দী প্রত্যর্পণ চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। তবে চুক্তি সই হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলেননি। প্রণবের সফরে দুই অগ্রাধিকার: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকলের ওপর গুরুত্ব দিচ্ছে। গত সেপ্টেম্বরে ঢাকা শীর্ষ বৈঠকে শেষ মুহূর্তে এসে তিস্তা চুক্তি সই হয়নি। এ নিয়ে বাংলাদেশের হতাশা রয়েছে। এ ব্যাপারে ভারতের কাছে বাংলাদেশ তার মনোভাব ইতিমধ্যে প্রকাশ করেছে। তেমনি গত সেপ্টেম্বরে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা সীমান্ত প্রটোকল সই করার পর দুই পক্ষ বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল। কারণ, গত চার দশকের অমীমাংসিত সমস্যা সমাধানে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু ছয় মাস পেরোলেও এটি এখনো ভারত অনুসমর্থন করেনি। এ প্রেক্ষাপটে বাংলাদেশ এটি দ্রুত অনুসমর্থনের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয় দুটিতে বিশেষ গুরুত্ব দেবেন। খুব দ্রুত তিস্তা ও সীমান্ত চুক্তির মতো বিষয়গুলো বাস্তবায়নে ভারতের সহযোগিতা চাইবেন। ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণ চুক্তির ব্যাপারে আলোচনা হবে কি না, জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন, এ বিষয়ে ম্যানিলায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আলোচনার কথা রয়েছে। বর্তমানে ম্যানিলা সফররত দুই অর্থমন্ত্রী এশীয় উন্নয়ন ব্যাংকের বৈঠকের ফাঁকে আলাদাভাবে বৈঠক করবেন। বৈঠক আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রণব মুখার্জির আসন্ন সফর ও দিল্লিতে অনুষ্ঠেয় দুই দেশের যৌথ কমিশনের প্রস্তুতি হিসেবে গত ২৯ এপ্রিল পানিসম্পদ ও বিদ্যুৎসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়। এ ছাড়া ২ মে বাণিজ্য ও যোগাযোগ এবং নিরাপত্তা ও সীমান্ত বিষয়ে আলাদা দুটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। যৌথ কমিশনের প্রথম বৈঠক: ৭ মে দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে ঢাকা শীর্ষ বৈঠকে সই হওয়া উন্নয়ন সহযোগিতা রূপরেখা চুক্তি অনুযায়ী এ কমিশন গঠিত হয়। দিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে দুই প্রধানমন্ত্রীর দিল্লি ও ঢাকা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তা ছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় পানি, বিদ্যুৎসহ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হবে।