প্রণীত হচ্ছে আরকাইভস আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় নথিপত্র সংরক্ষণের বিষয়টি এখন বেহালে আছে। সরকারি কর্মকর্তাদের অসচেতনতা ও অবহেলা এ জন্য যেমন দায়ী, তেমনই পর্যাপ্ত আইন এবং অবকাঠামোর অভাবে রাষ্ট্রীয় নথি সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত একশ্রেণীর অসাধু কর্মকর্তা নিজেদের কুকীর্তি মুছে ফেলতে ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নথি নিশ্চিহ্ন করে থাকেন বলে অভিযোগ করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তাঁরা বলেন, যাঁরা নথি ধ্বংস করছেন, আরকাইভস আইন না থাকায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন আরকাইভসের কার্যক্রম চলছে একটি অধ্যাদেশ দিয়ে। তাই আরকাইভস আইন করা দরকার বলে তাঁরা মনে করেন।এদিকে সম্প্রতি বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট (বার্ম) সোসাইটি আয়োজিত ‘বাংলাদেশে আর্কাইভস ও রেকর্ডস ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানের বক্তারাও আরকাইভস আইন প্রণয়নের কথা বলেন। সেমিনারে বার্ম সোসাইটির সভাপতি শরিফউদ্দিন আহমেদ বলেন, দেশের ইতিহাস সংরক্ষণের স্বার্থে সরকারের বিভিন্ন দপ্তরের রেকর্ডরুম সংস্কার এবং রেকর্ড কিপারের শূন্যপদ পূরণ করা দরকার।ওই সেমিনারেই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, রাষ্ট্রীয় নথিপত্র রক্ষায় শুধু আইন করলেই হবে না, এই আইন প্রয়োগ করতে হলে আরকাইভস কমিশন করা দরকার। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বিভিন্ন সময় অসাংবিধানিক পন্থায় যাঁরা ক্ষমতা দখল করেছেন, তাঁরা নিজেদের স্বার্থে সরকারের অনেক ঐতিহাসিক দলিলপত্র নষ্ট করেছেন। সরকার সরকারি নথিপত্র সঠিকভাবে সংরক্ষণের জন্য আর্কাইভস আইন প্রণয়ন করছে।