প্রণোদনার অপেক্ষায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ঘোষণা আগামী দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে পুঁজিবাজার বিষয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হেলাল উদ্দিন নিজামী গতকাল রোববার রাতে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই যে, আমাদের দীর্ঘ আলোচনা সার্থক ও সফল হয়েছে। শেয়ারবাজারের খুঁটিনাটি সব বিষয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার বিষয় অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’ প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকের ধারাবাহিকতায় করণীয় নির্ধারণ করতেই অর্থমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়ে আবার বৈঠকের আয়োজন করেন। হেলাল উদ্দিন নিজামী বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অর্থমন্ত্রীও জানিয়েছেন সরকার অত্যন্ত সহানুভূতির সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য বদ্ধপরিকর। বিদ্যমান বাজার-পরিস্থিতি বিবেচনা করে সরকার ধাপে ধাপে সব ধরনের পদক্ষেপ নেবে।এসইসির সদস্য আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কয়েক দিন ধরে আমাদের যেসব আলোচনা হয়েছে, ওই বিষয়ের অনেকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে একমত পোষণ করেছে। যেটি আমরা পরে জানাতে পারব।’ তিনি বলেন, সিদ্ধান্তগুলো জানানোর আগে কিছু খুঁটিনাটি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন আছে। আইনগত দিকগুলো বিচার-বিশ্লেষণের পরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের চিহ্নিত করা ও তাঁদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা বের করতে সময়ের প্রয়োজন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য যা যা করা প্রয়োজন, এসইসি তার সব পদক্ষেপ গ্রহণ করবে। হেলাল উদ্দিন নিজামী বলেন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগে যায়, সে ব্যাপারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতাদের অনুরোধ করেছেন অর্থমন্ত্রী। এ ছাড়া পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগ করলে কোনো সংস্থার প্রশ্ন না করার বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানান হেলাল উদ্দিন নিজামী। বৈঠক সূত্রে জানা গেছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ ব্যাপারে ব্যাংক মালিক ও ব্যাংকারদের প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তবে সেটি কিসের ভিত্তিতে এবং কীভাবে করা হবে, তা আরও পরীক্ষা-নিরীক্ষার কথা বলা হয়। এ ছাড়া ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট), ব্যাংকগুলোর বিনিয়োগের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিছুটা শিথিলতা অবলম্বন করতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া ব্যাংকের তারল্য সরবরাহ বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়। ব্যাংকগুলোর বিধিবদ্ধ নগদ জমার হার বা সিআরআর ও বিধিবদ্ধ জমা হার বা এসএলআর কমানোর বিষয়টিও বৈঠকে আলোচিত হয়। এ ব্যাপারে বলা হয়, ব্যাংকগুলোর তারল্য-পরিস্থিতি ও বাজারে তারল্যপ্রবাহের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আছে। কেন্দ্রীয় ব্যাংক এই দুটি উপাদান বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে প্রয়োগ করে থাকে। এ ক্ষেত্রে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দুটি উপাদান কমানো বা বাড়ানোর উচিত হবে না। তবে প্রয়োজন মনে করলে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে সময়োচিত ব্যবস্থা নেবে। বৈঠক সূত্র জানায়, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে এসইসির দিক থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ ক্ষেত্রে নতুন কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাবে বা আইপিওতে বিশেষ কোটা সুবিধা রাখার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। এ ছাড়া বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূলধনি মুনাফার ওপর আরোপিত কর প্রত্যাহারের কথা বলা হয়। এ ব্যাপারে এনবিআর নীতিগত সম্মতি জানায়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, পুঁজিবাজারবিষয়ক উপদেষ্টা পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, পরিষদ সদস্য ও এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শেফাক আহমেদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রমুখ।