প্রণোদনার তাৎক্ষণিক প্রভাব পড়েনি
শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে প্রণোদনা গুচ্ছ ঘোষণা করা হলেও তা বাজারে তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব ফেলেনি। বুধবার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এসব প্রণোদনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।আর বৃহস্পতিবার এগুলো বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকের শেয়ার ধারণ ও পুঁজিবাজারে সংশ্লিষ্টতার কয়েকটি বিধান শিথিল করে গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে।তার পরও গতকাল দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বেশ ওঠা-নামা ঘটেছে। লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। বাজারসংশ্লিষ্ট ও বিশ্লেষকেরা বলছেন, প্রণোদনা ঘোষণার পর অনেক বিনিয়োগকারী লেনদেনে সক্রিয় অংশ নেওয়ার আগে বাজারের গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করছেন। আবার অনেকেই ঘোষিত পদক্ষেপগুলোর কার্যকারিতা বা গুরুত্ব ঠিকমতো অনুধাবন করতে পারছেন না। তাঁরা আরও বলছেন, ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের একটি বড় অংশই ব্যাংকের নগদ জমার হার (সিআরআর) ও বিধিবদ্ধ জমার হার (এসএলআর) বিষয়ে ভ্রান্ত ধারণা নিয়ে আছে। তাঁরা মনে করছেন, এ দুটো নীতি উপাদানের হার না কমানোয় বাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়বে না। অথচ সিআরআর ও এসএলআর না কমিয়েও বাজারে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা যথেষ্ট বাড়ানো হয়েছে।বিশ্লেষকদের আরও অভিমত, বাজারে এখন তারল্য সংকটের চেয়ে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস সংকটই অনেক বেশি। আত্মবিশ্বাস ফিরে এলেই তারল্য সংকটও অনেকাংশে কেটে যাবে। এ জন্য কিছুটা সময় লাগবে। তাই বিনিয়োগকারীদের ধৈর্য ধারণের পরামর্শ দেন তাঁরা।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘ঘোষিত পদক্ষেপগুলোর বেশির ভাগই সংস্কারমূলক। তাই এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দীর্ঘ মেয়াদে তা বাজারে সুফল বয়ে আনবে।’সালাহউদ্দিন আহমেদের মতে, ঘোষিত এসব পদক্ষেপে সরাসরি তারল্যপ্রবাহ বাড়ানোর কোনো কার্যকর ব্যবস্থা নেই। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেটি সম্ভবও নয়। তবে তারল্য সরবরাহ বাড়ানোর তাৎক্ষণিক পদক্ষেপ না থাকার প্রভাবটি গতকালের বাজারে দেখা গেছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর যাতে বাজারে বড় ধরনের দরপতন না ঘটে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে এসইসি। তাই গতকাল দরপতন ঠেকাতে এসইসি বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগায় বলে জানা গেছে। কেননা, স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক ও এসব পদক্ষেপের পরও যদি বাজারে দরপতন ঘটত, তাহলে তা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়িয়ে দিত। বাজার পরিস্থিতি: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচকে দিনভর ওঠা-নামা থাকলেও দিনশেষে সেটি খুব বেশি হেরফের হয়নি। আগের দিনের চেয়ে তা শূন্য দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ৩৭৩ পয়েন্ট। এদিন ঢাকার বাজারে ২৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টিরই দাম কমেছে, বেড়েছে ৯৩টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিনশেষে ডিএসইতে প্রায় ৫৩০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫২১ কোটি টাকা কম।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪০ পয়েন্টে। সিএসইতে এদিন ১৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিনশেষে সিএসইতে ৬০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি টাকা কম।বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন: কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম গাওছুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত ব্যাংকের নিজস্ব সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে ওই ব্যাংকের দেওয়া মূলধন ওই ব্যাংকের পুঁজিবাজারসংশ্লিষ্টতা হিসাবের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না।এতে আরও বলা হয়েছে, কোনো কোম্পানিতে কোনো ব্যাংকের দীর্ঘমেয়াদি মূলধনি বিনিয়োগকে (ইকুইটি ইনভেস্টমেন্ট) ওই ব্যাংকের পুঁজিবাজারসংশ্লিষ্টতা হিসাবের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না।প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত নিজস্ব সহযোগী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত একক ঋণগ্রহীতার সংশ্লিষ্টতার নির্ধারিত সীমার অতিরিক্ত বিদ্যমান ঋণ ২০১৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। এর আগে এ সময়সীমা ছিল ২০১১ সালের ৩১ ডিসেম্বর।জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হতে উদ্ভূত কোনো লোকসানের ক্ষতির জন্য সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে লাভ-লোকসান সমন্বয় করে সঞ্চিতি সংরক্ষণ করা যাবে।এ ছাড়া বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশন প্রামাণিক কাগজপত্র বা দলিলাদি দাখিল সাপেক্ষে দ্রুত প্রেরণের অনুমতি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।প্রজ্ঞাপনটি গতকালই সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।