প্রণোদনার পর পুঁজিবাজারে বড় দরপতন
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার পর আজ সোমবার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দুই বাজারেই আজ লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় পতন হয়েছে। তবে লেনদেন গতকালের চেয়ে বেড়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হলে বড় বড় বিনিয়োগকারীরা এর আওতায় নেই। ফলে তাঁরা অনেকটা অখুশি হয়েছেন। এই বিষয়টিই বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গত নভেম্বরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিইসি) পুঁজিবাজার নিয়ে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। ওই দিন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ স্কিম কমিটি ঘোষণা করা হয়। ওই স্কিম কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার দুপুরে এই প্রণোদনা ঘোষণা করেন। এই ঘোষণা গতকাল বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব ফেললেও আজ নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।¬িডএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯২.৪৫ পয়েন্ট কমে আবারও ৪৫০০ পয়েন্টের নিচে অর্থাত্ ৪৩৮৫.২২ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৪৩ পয়েন্ট বেড়েছিল। তবে এর পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩০৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকার বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, সামিট পাওয়ার, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আরএন স্পিনিং, এনবিএল, সিঙ্গার বিডি, ওয়ান ব্যাংক ও যমুনা অয়েল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৮৮.৭৪ পয়েন্ট কমে দাঁড়ায় ১২৬৬১.৫৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৫টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৩ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকার বেশি।