প্রণোদনার পরও বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে বড় ধরনের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক কমেছে ৩০৮ পয়েন্ট, সঙ্গে কমেছে লেনদেন হওয়া সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের পক্ষ থেকে গত বুধবার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও আজকের দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বেলা দুইটার দিকে সূচক ২০০ পয়েন্টের বেশি কমে গেলে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে প্রায় এক ঘণ্টা তাঁরা বিক্ষোভ করেন। পরে বিকেল সোয়া তিনটার দিকে মিছিল বের করেন বিনিয়োগকারীরা। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর হয়ে আবারও ডিএসইর সামনে আসে। এরপর তাঁরা বিডিবিএল ভবনের ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন। তবে এ সময় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল।এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও আজকের দরপতন অনেকটা অস্বাভাবিক। একটি পক্ষ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দরপতনের পেছনে সক্রিয় থাকতে পারে।’ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০৮ পয়েন্ট কমে ৫০৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ৪৩ পয়েন্ট কমে যায়। তবে ১৫ মিনিটে সূচকের তীর কিছুটা ঊর্ধ্বমুখী হলেও আবারও তা নিম্নমুখী হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৭টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৫১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৯ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ফু ওয়াং সিরামিকস, গ্রামীণফোন, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, এনবিএল, ফু ওয়াং ফুড, মার্কেন্টাইল ব্যাংক ও ইউসিবিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৬৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ছয়টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৫ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়, যা গত বৃহস্পতিবারের চেয়ে চার কোটি টাকা কম।