প্রণোদনার পরেও ব্যাপক দরপতন
দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার আবারও বড় দরপতন ঘটেছে। বাজারের স্থিতিশীলতা ফেরাতে গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গুচ্ছ প্রণোদনা ঘোষণার পরেও বড় দরপতনের ঘটনা ঘটল। নানা পদক্ষেপের পরও এমন দরপতনের যৌক্তিক কোনো কারণ জানাতে পারেননি বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল ৩০৮ পয়েন্ট বা পৌনে ৬ শতাংশ কমে গেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে প্রায় ৭৭৫ পয়েন্ট বা ৫ শতাংশ। একই সঙ্গে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে ৯৭ শতাংশ এবং সিএসইতে প্রায় ৯৪ শতাংশ শেয়ারেরই দাম কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকালের বাজারে আতঙ্কিত বিক্রির চাপই বেশি ছিল। লেনদেন শুরুর পর সাধারণ মূল্যসূচক কমতে থাকায় অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে পড়েন। তবে কেউ কেউ দরপতনের জন্য অভিহিত মূল্য পরিবর্তনের কারণে শতাধিক কোম্পানির নগদ টাকায় লেনদেনের (স্পট মার্কেট ট্রেড) বিষয়টিকে বড় কারণ বলে মনে করছেন। ডিএসইর হিসাব অনুযায়ী, তালিকাভুক্ত ১২৭ কোম্পানির শেয়ার আজ সোমবার থেকে নগদ টাকার বাজারে লেনদেন হবে। পর পর তিন দিন এসব কোম্পানির শেয়ার স্পট মার্কেটে থাকবে। আর বৃহস্পতিবার ওই সব কোম্পানির লেনদেন বন্ধের মাধ্যমে নির্ধারিত হবে শেয়ারের মালিকানা। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনাটিও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও অনেকেই ধারণা করছেন। এই নির্দেশনা পরিপালন করতে হলে অনেক কোম্পানির উদ্যোক্তা-পরিচালককে বাজার থেকে নতুন করে শেয়ার কিনতে হবে। তাই শেয়ারের বাজারদর বাড়তে না দেওয়ার প্রচেষ্টা রয়েছে—এমনটি মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রণোদনা ঘোষণার পরও বাজারের এমন দরপতন অনাকাঙ্ক্ষিত। এর যৌক্তিক কারণও আমাদের জানা নেই। দুর্বোধ্য এক আচরণ ছিল গতকালের বাজারে। এর পেছনে অন্য কোনো কারণ থাকলে এসইসি নিশ্চয় তা খতিয়ে দেখবে।’এদিকে, দরপতনের প্রতিবাদে একদল বিনিয়োগকারী গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বর্তমান বাজারে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য আছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম। এসইসি যে প্রণোদনা ঘোষণা করেছে তাতে দীর্ঘ মেয়াদে সুফল পাওয়া যাবে। কিন্তু স্বল্প মেয়াদে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে নগদ টাকার সরবরাহ বা ক্রয়ক্ষমতা দরকার ছিল, সেটি বাড়ার মতো কোনো ব্যবস্থা নেই। যদিও দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতায় সেটি সম্ভবও নয়। ’ প্রণোদনা ঘোষণার পরদিন গত বৃহস্পতিবারও বাজারে এর তেমন কোনো প্রভাব দেখা যায়নি। বরং দিনভর ডিএসইর সাধারণ মূল্যসূচকের ব্যাপক ওঠানামা ছিল। এসইসির নানামুখী প্রচেষ্টায় ডিএসইর সাধারণ মূল্যসূচকের স্থির অবস্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। সূচক স্থির থাকলেও বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অর্ধেকে নেমে এসেছিল।এই অবস্থায় গতকাল লেনদেন শুরুর পরপরই শেয়ারের দামের সঙ্গে পাল্লা দিয়ে মূল্যসূচকও কমতে থাকে। এমনকি দিনশেষে গতকাল লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দাম কমার সর্বনিম্ন সীমায় (সার্কিট ব্রেকার) নেমে আসে। অনেক কোম্পানির শেয়ার ক্রেতা-বিক্রেতাশূন্য হয়ে পড়ে। এ কারণে আরও দরপতনের হাত থেকে বেঁচে যায় বাজার। বাজার পরিস্থিতি: লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক নেমে এসেছে পাঁচ হাজার ৬৫ পয়েন্টে। গত মঙ্গলবার প্রণোদনা ঘোষণার আগের দিনও সূচক ছিল পাঁচ হাজার ৫৯৭ পয়েন্টে। সেই হিসাবে গত তিন কার্যদিবসে সূচক প্রায় ৫৩২ পয়েন্ট কমে গেছে। রোববার ডিএসইতে ২৫৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৪৭টিরই দাম কমেছে আর বেড়েছে মাত্র সাতটির দাম। এ কারণে গতকাল ডিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অসম্পূর্ণ ছিল। দিনশেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৮০ কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিনশেষে নেমে এসেছে ১৪ হাজার ৪৬৫ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ১৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির দাম কমেছে, বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। ঢাকার মতো চট্টগ্রামেও দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অসম্পূর্ণ ছিল। দিনশেষে সিএসইতে প্রায় ৫৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা কম।