প্রতারক এ ওহাব খান কীভাবে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়ে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিলেন, তা জানতে চেয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বিএমডিসির রেজিস্ট্রার জেড এইচ বাসুনিয়া ১৬ মে লেখা চিঠিতে কলেজের অধ্যক্ষকে ১৫ দিনের মধ্যে বিষয়টি বিস্তারিতভাবে জানাতে বলেছেন।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লেখা ভিন্ন চিঠিতে বিএমডিসি প্রতারক এ ওহাব খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, সিকদার মেডিকেলের শাখা গুলশানেও রয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএমডিসির সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তি প্রতারক। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা বিএমডিসির নেই। আমরা তাই পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে।’ উল্লেখ্য, বিএমডিসি চিকিৎসকদের পেশা চর্চার অনুমতি দেয়। এ ব্যাপারে প্রত্যেক চিকিৎসক এই প্রতিষ্ঠান থেকে নিবন্ধন সংখ্যা নেয়।ভুল চিকিৎসার অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে প্রথম আলো জানতে পারে, জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক এ ওহাব খান আদতে কোনো চিকিৎসকই নন। তিনি কোনো প্রতিষ্ঠান থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নেননি। তিনি অন্য চিকিৎসকের সনদ ব্যবহার করতেন। রাজধানীর একাধিক নামকরা প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ তুলে বিএমডিসি কলেজ কর্তৃপক্ষকে চিঠিতে বলেছে, এ ওহাব খানের বিএমডিসির কোনো নিবন্ধন ছিল না। স্নাতকোত্তর যেসব ডিগ্রি তিনি ব্যবহার করতেন, তার কোনো সনদপত্র কলেজে জমা দেননি। কাজে যোগ দেওয়ার তারিখ কলেজ রেজিস্টারে উল্লেখ নেই। চিঠির শেষে বলা হয়েছে, ‘এমতাবস্থায় একজন ভুয়া ব্যক্তি কীভাবে আপনার কলেজে চিকিৎসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হইয়া দীর্ঘদিন চিকিৎসাকার্য পরিচালনা করিয়াছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রেরণ করার জন্য অনুরোধ করা হইল।’কলেজের অধ্যক্ষ মো. আবু শামীম বিএমডিসির চিঠি পেয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএমডিসিকে সব জানাবে। ইতিমধ্যে এ ওহাব খানের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়েছে। এ ওহাব খান চিকিৎসক না হলেও তাঁর দেওয়া ব্যবস্থাপত্র ঠিকই আছে বলে দাবি করেছেন আবু শামীম। ভুল চিকিৎসার অভিযোগ তদন্তের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। এ ব্যাপারে কোনো প্রতিবেদন তৈরি করেছেন কি না, জানতে চাইলে বলেন, তিনি ব্যস্ত মানুষ। অনেক কাজের ঝামেলা। সময় বের করতে পারছেন না।পুলিশকে লেখা চিঠিতে বিএমডিসি বলেছে, নিবন্ধন নিয়ে প্রতারণা করা অপরাধ এবং এই অপরাধের শাস্তি তিন বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড। এই চিঠির অনুলিপি স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দিয়েছে বিএমডিসি।যোগাযোগ করা হলে হাজারীবাগ থানা জানিয়েছে, এ ওহাব খানকে পুলিশ খুঁজছে।