প্রতারক চক্রের ৩০ কোটি টাকা জব্দ
অভিনব কায়দায় ফন্দি করে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটি আন্তর্জাতিক চক্রকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিপে টুইউ নামের এই প্রতিষ্ঠান সোনা বিক্রির নামে অভিনব ও লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছিল। বাংলাদেশ ব্যাংক ইউনিপের বিভিন্ন হিসাবে দেশের ব্যাংক খাতে জমা হওয়া প্রায় ৩০ কোটি টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে। এই অর্থগুলো রয়েছে বেসরকারি দি সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও এনসিসিবিএলে। প্রাথমিকভাবে এই ৩০ কোটি টাকার সন্ধান পেয়ে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ গতকাল বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি দিয়ে ইউনিপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব হিসাবে সাময়িকভাবে ৩০ দিনের জন্য লেনদেন নিষিদ্ধ করেছে। জানা গেছে, মালয়েশিয়াভিত্তিক কথিত এই এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) প্রতিষ্ঠানটি গত বছর অক্টোবরে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। কোম্পানিটি ইতিমধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যালয় খুলে ১০ মাসে টাকা দ্বিগুণের প্রস্তাব দিয়ে প্রায় অর্ধশত কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।বাংলাদেশ ব্যাংক যেসব হিসাব থেকে অর্থ উত্তোলন স্থগিত রাখতে বলেছে সেগুলো হচ্ছে ইউনিপে টুইউ, ইউনিপে টুইউ বাংলাদেশ লিমিটেড, এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসীর হুসেন এবং কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান। এ ছাড়া যেসব হিসাব থেকে এঁদের ব্যাংক হিসাবগুলোতে তহবিল স্থানান্তর হয়েছে ও এঁদের হিসাবগুলো থেকে যেসব হিসাবে তহবিল স্থানান্তর হয়েছে সব হিসাবেই বাংলাদেশ ব্যাংক অর্থ উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি এই পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা হিসাব বিবরণী, হিসাব খোলার ফরমসহ যাবতীয় কাগজপত্রের অনুলিপি চেয়েছে বাংলাদেশ ব্যাংক।জানা গেছে, ইউনিপে সাধারণ মানুষকে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। গ্রাহক সংগ্রহের জন্য প্রত্যেক শাখা কার্যালয়ে প্রতিনিধি বা কর্মী রয়েছেন। তাঁরা গ্রাহককে বলেন যে তাঁদের অর্থ দিয়ে স্বর্ণ কেনা হবে। কিন্তু স্বর্ণ গ্রাহকেরা হাতে পাবেন না। এসব স্বর্ণ লন্ডন, জুরিখ ও নিউইয়র্কের বিশেষায়িত ‘বুলিয়ন মার্কেটে’ অনুমোদিত ভল্টে থাকবে। নির্দিষ্ট সময় শেষে গ্রাহকেরা ছয় মাসে সর্বোচ্চ ১৫০ শতাংশ ও ১০ মাসে ২৩০ শতাংশ হারে মুনাফাসহ স্বর্ণে বিনিয়োগের অর্থ ফেরত পাবেন। এ জন্য গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণবারের মালিকানা-সংবলিত একটি প্রত্যয়নপত্র দেয় প্রতিষ্ঠানটি। এভাবে প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের মহাব্যবস্থাপক ম. মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে অনুসন্ধানে যেসব তথ্য পেয়েছি, তাতে মনে হয়েছে এগুলো সন্দেহজনক লেনদেন, যে কারণে আমরা ৩০ দিনের জন্য হিসাবগুলোর লেনদেন বন্ধ করেছি।’ তিনি জানান, পরবর্তী সময়ে সামগ্রিক অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইউনিপে টুইউর ওয়েবসাইটে দেখা যায়, প্রতিষ্ঠানটি নিজেদের একটি আন্তর্জাতিক ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে পরিচয় দিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর করপোরেট অফিস মালয়েশিয়াতে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ডে তাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা আছে যে ১৫ মে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে ইউনিপের উদ্যোগে গ্রাহকদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ভারত থেকে জনৈক ড. দেবী প্রসাদ চট্টোপাধ্যায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত রাতে যোগাযোগ করা হলে ইউনিপে টুইউর বাংলাদেশ শাখার এমডি মুনতাসীর হুসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক তাঁদের ব্যাংক হিসাব জব্দ করার কথা তাঁরা এখনো অবহিত নন। তিনি জানান, তাঁদের এই প্রতিষ্ঠান অনেকটা বাংলাদেশের এমএলএম কোম্পানি জিজিএন ও নিউওয়ের মতো পরিচালিত হয়।মুনতাসীর জানান, তাঁদের প্রতিষ্ঠান মালয়েশিয়া ও মরিশাসে নিবন্ধিত। তিনি স্বীকার করেন, তাঁদের কাছ থেকে স্বর্ণ কিনলে গ্রাহকেরা তা হাতে পান না। স্বর্ণ বিদেশে ভল্টে জমা থাকে। আর গ্রাহকদের বিনিয়োগ করা অর্থ প্রতি মাসে ২০ শতাংশ করে মোট ১০ মাসে পরিশোধ করা হবে। এতে বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হয়। তবে গ্রাহকদের এ টাকা বাংলাদেশেই থাকে, বিদেশে পাচার হয় না বলে তিনি দাবি করেন।বিনিয়োগের টাকা এ দেশে থাকে আবার স্বর্ণ থাকে বিদেশের ভল্টে, তাহলে আপনাদের প্রতিষ্ঠান কীভাবে মুনাফা করে এবং কীভাবে গ্রাহককে এত টাকা দেয়—এ প্রশ্নের জবাবে ইউনিপের বাংলাদেশের এমডি বলেন, ‘তারা কীভাবে কীভাবে লাভ করে আমি জানি না। আমি শুধু এটুকু জানি, দেশের টাকা দেশে থাকে, আর মানুষ লাভ পায়। তবে শুনেছি, তারা বাংলাদেশের ব্যাংকে সংরক্ষিত টাকার বিপরীতে বিদেশে ব্যাংক গ্যারান্টি দিয়ে স্বর্ণ ব্যবসা করে।’জানা গেছে, মুনতাসীর হুসেন এর আগে নিউওয়ে নামক অপর একটি এমএলএম কোম্পানিতে কর্মরত ছিলেন। এই কোম্পানির প্রধান শ্রীলঙ্কার নাগরিক নবরত্নম নারায়ণ থাস। এর আগে তিনি জিজিএন নামে আরেকটি এ ধরনের কোম্পানি খুলেছিলেন। তখন তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে বিগত আওয়ামী লীগ (১৯৯৬-২০০১) সরকার জিজিএন নিষিদ্ধ করে এবং ওই শ্রীলঙ্কার নাগরিকের পাসপোর্ট জব্দ করে। পরে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তিনি এ দেশে ফিরে এসে নিউওয়ে নামে নতুন কোম্পানি খোলেন এবং বিএনপি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর স্ত্রীকে উপদেষ্টা করেছিলেন।