প্রতারক বীজ প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘যে সব কোম্পানি কৃষককে খারাপ বীজ দিয়ে প্রতারণা করবে, তাদের চিহ্নিত ও তাদের নামের তালিকা গণমাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে, যাতে পরবর্তী সময়ে কৃষক আর প্রতারিত না হন। খাদ্যনিরাপত্তার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ কৃষি উত্পাদন বাড়াতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং কৃষকের ক্ষতি হয় এমন কিছু করলে প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আজ মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীজ মেলা উদ্বোধন করতে গিয়ে কৃষিমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, হাইব্রিডের লাইনবীজ আমদানি করতে রাষ্ট্রীয় পর্যায়ে দ্বিপক্ষীয় উদ্যোগের প্রয়োজন হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশ্বের যেকোনো দেশ হতে বীজ আমদানির ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। তিন দিনব্যাপী এই মেলায় ভারত, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান ও নেদারল্যান্ড থেকে আসা ৭০টিরও বেশি বীজ উত্পাদনকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। কৃষিসচিব সি কিউ কে মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক।