প্রতারণা, তদন্ত, সাজা আপিল ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা
প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী আজম ওরফে বাবলা আদালতে আত্মসমর্পণ নিয়ে প্রতারণার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনে হাজির হননি। প্রতারণা মামলায় হওয়া সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানিতেও তিনি হাজির হননি। তাঁর অনুপস্থিতিতে শেষ পর্যন্ত রায়ের দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে তিনি প্রথম আলোর প্রতিনিধির বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন।আলী আজম ২০০০ সালের দিকে মাগুরায় ‘পালাডা’ নামের একটি এনজিওর নামে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেন। তিনি বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হন। পরবর্তী সময়ে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাস অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ২০০৫ সালে আলী আজমের বিরুদ্ধে মাগুরা নালিশি আদালতে মামলা করেন। ওই মামলায় তাঁর দুই বছর তিন মাসের সাজা হয়।আত্মসমর্পণ, প্রতারণা ও আপিল: সাজা হওয়ার পাঁচ বছর পর গত বছরের ২০ সেপ্টেম্বর আলী আজম আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। দুদিন পর তাঁর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করা হয়। আপিল শুনানি শুরুর আগে চার দিন পর তিনি জামিনে মুক্তি পান।পরবর্তীকালে অনুসন্ধানে জানা যায়, আলী আজমের আত্মসমর্পণ ছিল সাজানো। তাঁর নাম-পরিচয়ে অন্য একজন কারাগারে যান। কারাগারে আসামির নথিতে সংরক্ষিত আলোকচিত্র ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে গত ২৬ ফেব্রুয়ারি ‘প্রতারণা মামলায় প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোতে।এরপর জেলা ও দায়রা জজ মুখ্য বিচারিক হাকিম মো. আবু সাঈদ জোয়ার্দারকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সামনে হাজির হতে আলী আজমকে নোটিশ করা হয়। কিন্তু তিনি আট মাসে সাতবার আইনজীবীর মাধ্যমে সময় নেন। সর্বশেষ তিনি তদন্ত কমিটির নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন বলে কমিটিকে তাঁর আইনজীবী জানান। এর মধ্যে তদন্ত কমিটি তার তদন্তকাজ প্রায় শেষ করে আনে।জানতে চাইলে কমিটির প্রধান মুখ্য বিচারিক হামিক আবু সাঈদ জোয়ার্দার প্রথম আলোকে জানান, উচ্চ আদালতে রিট আবেদন করায় তদন্তকাজ স্থগিত রাখা হয়েছে।আপিল শুনানিতেও অনুপস্থিত: আলী আজমের আপিল শুনানির প্রথম দিন ছিল ২৬ ফেব্রুয়ারি। ওই দিন আসামিপক্ষ আপস-মীমাংসার দরখাস্ত দিলে তা নামঞ্জুর হয়। এরপর আদালত নয় মাসে চারবার আপিল শুনানির দিন ধার্য করেন। কিন্তু বাদী ও আসামিপক্ষ আদালতে উপস্থিত হয়নি। এ অবস্থায় জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ গত ৮ নভেম্বর ধার্য দিনে আপিল শুনানি করে গত ২০ নভেম্বর আপিলের রায় ঘোষণার দিন ধার্য করেন। তবে গতকাল পর্যন্ত রায় দেওয়া হয়নি। ক্ষতিপূরণ মামলা: নিজের বদলে অন্য একজনকে আদালতে আত্মসমর্পণ করানো নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর মাগুরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন আলী আজম। বিচারক আবদুস সালাম খান বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেছেন।এ প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সদস্য আবু নঈম মিলন প্রথম আলোকে বলেন, আলী আজমের বিরুদ্ধে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগের তদন্ত চলছে। তা ছাড়া তাঁর মামলার আপিল নিষ্পত্তিও হয়নি। এই অবস্থায় এ নিয়ে খবর প্রকাশ করায় মানহানি বা ক্ষতিপূরণ মামলা হওয়ার সুযোগ নেই।