প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশগামী শ্রমিকদের সমস্যার সমাধান করে তাঁদের স্বার্থরক্ষা করতে হবে। তিনি বলেন, সুযোগসন্ধানী মধ্যস্বত্বভোগীরা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেন। শ্রমিকেরা নানা রকম হয়রানি ও প্রতারণার শিকার হন। অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষার এই কাজটি দেশ থেকেই শুরু করতে হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এশীয় অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান এবং চুক্তিভিত্তিক শ্রমিক-সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের চতুর্থ পর্যালোচনা সভার (কলম্বো প্রসেস) উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী এদিন প্রবাসী কল্যাণ ব্যাংকেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনৈতিক নিয়োগ একটি বড় সমস্যা। মধ্যস্বত্বভোগীরা বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে অনেক অর্থ নেন, প্রতারণার চেষ্টা করেন। বিদেশে গিয়ে শ্রমিকেরা দেখেন, চুক্তির সঙ্গে প্রাপ্ত বেতন-ভাতার কোনো মিল নেই। অনেকে আবার কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করেন।শেখ হাসিনা বলেন, এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের সফলতা পেতে হলে বিদ্যমান আইনের কঠোর বাস্তবায়ন প্রয়োজন। তিনি আরও বলেন, অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের অধিকার সংরক্ষণে জাতিসংঘের একটি সনদ থাকলেও বাংলাদেশসহ মাত্র ৩৭টি দেশ তাতে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষার জন্য নীতিমালার কথা বলেও মনে করিয়ে দেন তাঁদের স্বার্থরক্ষার বিষয়টি দেশ থেকেই শুরু করতে হবে। শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সমস্যা সমাধানে আমরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। এই কমিটি অভিবাসনের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য খরচ কত হতে পারে, তা নির্ধারণ করবে।’প্রধানমন্ত্রী অভিবাসী শ্রমিকদের হয়রানি-প্রতারণা ও অনিয়ম বন্ধ করতে শ্রমিক প্রেরণকারী ও গন্তব্য দেশের সমন্বিত কর্মকৌশলের ওপর জোর দেন। শেখ হাসিনা বলেন, ‘গত এক দশকে অভিবাসন বিষয়ে আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি। কিন্তু মর্যাদাসম্পন্ন অভিবাসনের আদর্শ চিত্র থেকে আমরা এখনো অনেক দূরে আছি।’উল্লেখ্য, এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মর্যাদার সঙ্গে অভিবাসন’। গত মঙ্গলবার থেকে ঢাকায় দুই দিনের এই সম্মেলন শুরু হয়। প্রথম দিন ছিল কর্মকর্তা পর্যায়ের আলোচনা।প্রধানমন্ত্রী লিবিয়ার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও কৌশল গ্রহণে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, লিবিয়ায় সাম্প্রতিক সংকটের ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের অভিবাসী কর্মীদের অবর্ণনীয় ভোগান্তির শিকার হতে হয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ জরুরি।প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মধ্য দিয়ে এশিয়ার দেশগুলোর জন্য একটি কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা তৈরি করা যাবে।সম্মেলন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধন করেন এবং বিদেশগামী চারজনের হাতে জামানতবিহীন ঋণের চেক তুলে দেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এখন থেকে বিদেশগামীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। সহায়-সম্পত্তি বিক্রি করে বিদেশে যেতে হবে না। এ ব্যাংকের মাধ্যমে কম খরচে ও সহজে দেশে রেমিট্যান্সও পাঠানো যাবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান। সভাপতিত্ব করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং এবং ইন্দোনেশিয়ার শ্রম ও অভিবাসন মন্ত্রী মুহাইমেন ইস্কান্দার বক্তব্য দেন।