প্রতারণামূলক এমএলএম ব্যবসা বন্ধে মানববন্ধন (ভিডিও)
ডেসটিনিসহ সব ধরনের প্রতারণামূলক এমএলএম ব্যবসা বন্ধের দাবিতে আজ শনিবার মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী’র ব্যানারে দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এমএলএমের নামে দেশে যে প্রতারণা চলছে, তাতে অনেক মানুষ নিঃস্ব হচ্ছে। এ ধরনের প্রতারণা বন্ধ করা জরুরি। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের ওই আয়োজন।মানববন্ধনে অংশ নেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মো. নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র আসে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে। তাদের অনেকের পড়ালেখার পাশাপাশি নিজে চলার মতো টাকা উপার্জনের ব্যবস্থা করতে হয়। এমএলএম ব্যবসায়ীরা তাদের টার্গেট করে। কিছু না বুঝে অনেক শিক্ষার্থী এমএলএম ব্যবসায় টাকা বিনিয়োগ করে। কিন্তু অনেকেই শেষ পর্যন্ত তেমন কোনো লাভ পায় না। বরং ওই দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে অনেকের পড়ালেখায় ব্যাঘাত ঘটে।মানববন্ধন আয়োজকদের একজন মৃৎশিল্প বিভাগের ছাত্র মো. শাহাবুদ্দিন শেখ বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাঁদের এই উদ্যোগ। এমএলএমের নামে যে প্রতারণা চলছে তা বন্ধ হওয়া জরুরি।
ভিডিও:সাজিদ হোসেন