চট্টগ্রামের পটিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের (টিআর) গম বিতরণে প্রতারণা ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে প্রশাসন। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হোসেনের নেতৃত্বে একটি দল কেলিশহর ও ধলঘাট ইউনিয়ন এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজখবর নেয়। এই দলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমও ছিলেন।তবে বরাদ্দে অনিয়মের ব্যাপারে খোদ ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রত্যক্ষ যোগসাজশ থাকার অভিযোগ থাকায় তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।জানা গেছে, যেসব সংগঠনের নামে টিআর বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোর অস্তিত্ব আছে কি না এবং অস্তিত্ব থাকলেও টিআরের গমের টাকা তারা পেয়েছে কি না, গতকাল সে বিষয়ে খোঁজ নেয় ওই দল।গত শুক্রবার প্রথম আলোতে ‘টিআরের নামে ত্রিমুখী প্রতারণা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উল্লিখিত কেলিশহরের দুটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মগদেশ্বরী মন্দিরের বিষয়েও খোঁজখবর নেয় তদন্তকারী দল। এ প্রসঙ্গে ইউএনও মো. আবুল হোসেন মুঠোফোনে বলেন, ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এখন নেই। তবে ওই প্রতিষ্ঠানটি করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন। সুতরাং টাকার অপচয় হবে না।’যে প্রতিষ্ঠানের জন্মই হয়নি এমন সংগঠনকে টিআর দেওয়ার নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, ‘আপনি সামনাসামনি আসেন, এ বিষয়ে কথা বলব।’তবে মগদেশ্বরী বাড়ির টাকা ওই প্রতিষ্ঠান পেয়েছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। মগদেশ্বরীবাড়ির (স্থানীয় একটি মন্দিরের নাম) সাধারণ সম্পাদক তপন দে ওই টাকা তুলেছেন বলে তদন্তকারী দলের কাছে জানিয়েছেন মন্দিরের সভাপতি বিশ্বেশ্বর দে। তবে প্রশাসনের কাগজপত্রে ওই টাকা স্থানীয় পল্লি চিকিৎসক অনিল বিশ্বাস স্বাক্ষর করে উঠিয়েছেন বলে লেখা রয়েছে। আগের মতো অনিল বিশ্বাস গতকাল তদন্ত দলকেও বলেছেন, তিনি কোনো স্বাক্ষর করেননি এবং টাকাও তোলেননি। এ প্রসঙ্গে আবুল হোসেন বলেন, ‘মগদেশ্বরীবাড়ির টাকা তুলেছেন তাদের সাধারণ সম্পাদক। তবে এখনো উন্নয়নকাজে তাঁরা হাত দেননি।’ তাহলে প্রশাসনের কাগজেপত্রে অনিল বিশ্বাসের নামে কেন টিআর বরাদ্দ হলো—এমন প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, ‘আপনার কাজ প্রশাসনের কাগজপত্র দেখা নয়, আপনার কাজ মন্দির টাকা পেয়েছে কি না, তা খতিয়ে দেখা।’প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে মগদেশ্বরীবাড়ির সভাপতি বিশ্বেশ্বর দে বলেছিলেন, ‘আমরা কোনো টিআরের গম বা টাকা পাইনি।’এ ব্যাপারে তপন দে প্রথম আলোর কাছে টাকা পাওয়ার কথা স্বীকার করে বলেন, কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরৎ সেনের মাধ্যমে তিনি টাকা পেয়েছেন। অনিল বিশ্বাসের সই করার বিষয়ে তিনি বলেন, এটা প্রশাসনের কোনো ভুলের কারণে হয়ে থাকতে পারে। গতকাল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ধলঘাট ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান টিআর পেয়েছে কি না, তা খতিয়ে দেখেন। পর্যায়ক্রমে আরও কয়েকটি ইউনিয়নে টিআর ঠিকমতো বিতরণ হয়েছে কি না, তাঁরা দেখবেন বলে জানা গেছে। প্রথম আলোতে প্রকাশিত অভিযোগের সত্যতা মিলেছে কি না, জানতে চাইলে ইউএনও জানান, তাঁরা এখনো বিষয়টি তদন্ত করছেন। তদন্ত শেষ হলে পরে এ বিষয়ে কথা বলবেন।