প্রতারণার অভিযোগে নর্থ সাউথ প্রোপার্টির চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় বছর পর আজ সোমবার সকালে দেশে ফিরেছেন। আর দুপুরে র্যাব-৪-এর একটি দল তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করে। তিনি হলেন ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের অংশীদারমূলক আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহিম।প্রকল্পে ফ্ল্যাট দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া, গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং সর্বশেষ বিদেশে পালানোসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা ও জিডি হয়েছিল আবদুর রহিমের বিরুদ্ধে। র্যাব বলছে, একটি মামলায় পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে তেজগাঁওয়ের তেজকুনী পাড়ার বাসা থেকে আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ছয়টির মতো মামলা ও ৪০টির মতো সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তার মধ্যে কাফরুল থানায় হওয়া একটি মামলার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।র্যাবের কর্মকর্তা বলেন, আবদুর রহিমের বিরুদ্ধে আরও মামলা ও জিডি থাকতে পারে। এ ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা হবে।অবশ্য এর আগে গতকাল রোববার প্রতিষ্ঠানের এক সংবাদবিজ্ঞপ্তিতে আবদুর রহিম দেশে ফিরলে পুলিশি ও সন্ত্রাসী হয়রানির আশঙ্কা করা হয়। আশঙ্কার কারণ হিসেবে বলা হয়, ১৩ এপ্রিল ভাষানটেক থানা উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ২০০৩ সালে সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে রাজউকের অনুমোদন সাপেক্ষে পুনর্বাসন প্রকল্পে কাজ শুরু করে তাঁদের প্রতিষ্ঠান। কিন্তু দেড় বছর আগে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চুক্তি বাতিলের একটি চিঠি পাঠায় সরকার। এরপর বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ আরও বেশ কয়েকজন সরকারি উচ্চপর্যায়ের ব্যক্তির প্রতিহিংসার কারণে প্রকল্পকে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। মামলা নিষ্পত্তির আগেই সরকার প্রকল্পের জায়গায় ভাষানটেক থানাসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম চালাচ্ছে। বিজ্ঞপ্তিতে আজ আবদুর রহিমের দেশে ফেরার কথা ও ৩০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা উল্লেখ করা হয়।যোগাযোগ করা হলে আবদুর রহিমের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আবদুর রহিম পালিয়ে যাননি। বরং নিরাপত্তার অভাবে তিনি যুক্তরাজ্যে চলে যান। বিনিয়োগকারী গ্রাহকদের সমস্যার সমাধান করতে তিনি দেশে ফিরেছিলেন বলে তিনি দাবি করেন। তাঁর দাবি, আবদুর রহিমের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। চারটি মামলাতেই তিনি জামিনে আছেন।গ্রাহকদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আশরাফুল আলম বলেন, মামলা যেহেতু হয়েছে, সেটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই শেষ হবে। অথচ তার আগেই তাঁকে হয়রানি করা হচ্ছে।