প্রতারণার অভিযোগে সেই অজ্ঞ বিশেষজ্ঞের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রতারণার অভিযোগে সেই ‘অজ্ঞ বিশেষজ্ঞ’ এ ওহাব খানের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার বরাত দিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত সাড়ে ১০ টার দিকে হাজারীবাগের জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় বলা হয়, ওহাব খান প্রতারণা করে ২০০৮ সালে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের গুলশান শাখায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিত্সক হিসেবে যোগ দিয়ে প্রতিষ্ঠানের বিশ্বাস ভঙ্গ করেছেন। মামলায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করা হয়। মামলার অভিযোগে বলা হয়, সিকদার মেডিকেলে যোগ দেওয়ার সময় বিভিন্ন হাসপাতালে চাকরি করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি সহকারী অধ্যাপক ছিলেন বলেও জমা দেওয়া জীবন বৃত্তান্তের আবেদনে উল্লেখ করা হয়। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ তার নামে গরমিল খুঁজে পায়। কর্তৃপক্ষ তাঁকে মূল চিকিত্সা সনদপত্র জমা দিতে বললেও তিনি ব্যর্থ হয়েছেন। গত ৯ মে তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা হয়।