প্রতারণার মামলায় শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আকবর সোবহান শাহ আলম এবং তাঁর এক ছেলেসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।ঢাকার মহানগর হাকিম শামসুল ইসলাম গতকাল বুধবার এ আদেশ দেন। আদালত ২ জুলাই পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।অন্য দুই আসামি হলেন শাহ আলমের ছেলে ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্টের পরিচালক সাদত সোবহান এবং ভাইস চেয়ারম্যান ও শ্যালক মাহবুব মোর্শেদ হাসান। এ মামলার অপর আসামি তৌহিদুল ইসলাম জামিনে আছেন।বাদীর আইনজীবী হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, প্রতারণার অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। গতকাল আসামিদের উপস্থিতি ও সমন ফেরতের জন্য দিন ধার্য ছিল। সমন পাওয়ার পরও আসামিরা আদালতে হাজির না হওয়ায় পরোয়ানা জারির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।মামলার আরজিতে বলা হয়, বসুন্ধরা-বারিধারা প্রকল্পে এখনই নির্মাণ উপযোগী সব ধরনের অবকাঠামোগত সুযোগ-সুবিধাসম্পন্ন আকর্ষণীয় লোকেশনে সীমিত সংখ্যক রেডি প্লট এককালীন বিশেষ ছাড়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রয়ের জন্য ২০০৭ সালের ৬ জুলাই পত্রিকায় বিজ্ঞাপন দেন আসামিরা। বাদী ওই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বসুন্ধরা-বারিধারা প্রকল্পের ‘এ’ ব্লকের ২৩৩ ও ২৩৪ নম্বরের ৫ কাঠা করে মোট ১০ কাঠার দুটি প্লট ক্রয়ের জন্য চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, প্রতি কাঠার মূল্য নির্ধারণ করা হয় ২৫ লাখ টাকা। বাদী দুটি প্লটের জন্য ৫০ লাখ টাকা বুকিং মানি, জমি সম্পাদন, ভ্যাট, সার্ভিস চার্জ ও দুটি প্লটের বিপরীতে ২০০৭ সালের ১৫ আগস্ট থেকে পরের বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে দুই কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ২৮৬ টাকা দেন।আরজিতে আরও বলা হয়, চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করার পরও আসামিরা আরও দুই কোটি টাকা অতিরিক্ত দাবি করেন। তা না হলে বরাদ্দ দেওয়া প্লট বাতিল করা হবে বলে হুমকি দেন। গত বছরের ৩০ অক্টোবর প্লট বরাদ্দ বাতিল করে দুই কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ২৮৬ টাকা আত্মসাৎ করা হয়।