প্রতারিত হচ্ছে দরিদ্র রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। প্যাথলজি, এক্স-রে, ইসিজিসহ বিভিন্ন বিভাগ থেকে নানা কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে এসব দালাল। ফলে রোগীরা যেমন প্রতারিত হচ্ছে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।গত তত্ত্ব্বাবধায়ক সরকারের সময় হাসপাতাল ও হাসপাতাল সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকার পর চক্রটি আবারও তৎপরতা শুরু করে। এদের তৎপরতায় দরিদ্র ও নিরীহ রোগীরা সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগ, ইসিজি, এক্স-রে, প্যাথলজি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড প্রতিটির আশপাশেই দালাল চক্রের সদস্যরা ঘুর ঘুর করছেন। বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে দূরের এবং গ্রাম এলাকা থেকে আসা রোগীদের আত্মীয়স্বজনের সঙ্গে নানা ফন্দি-ফিকিরে আলাপ করে ভাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাঁরা। বহির্বিভাগে রক্ত পরীক্ষা ও এক্স-রে করতে আসা তেরখাদা উপজেলার বাসিন্দা তোফায়েল হোসেন জানান, খুব সকালে হাসপাতালের ভেতর আসতেই একজন লোক তাঁর বাড়ি কোথায়, কী করেন ইত্যাদি জানতে চান। তারপর জিজ্ঞেস করেন, সঙ্গে আর কেউ এসেছে কি না এবং হাসপাতালে তাঁর কোনো আত্মীয় আছে কি না। পরে তাঁকে বলা হয়, হাসপাতালের পরীক্ষা সরকারি পরীক্ষা বলে দায়সারাভাবে করা হয়, সঠিক হয় না। বাইরে থেকে ভালো পরীক্ষা করা যায়, তাঁর সঙ্গে গেলে খরচও বেশি হবে না। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের আশপাশে গড়ে ওঠা সাইনবোর্ড-সর্বস্ব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানের সঙ্গে সংশ্লিষ্ট এ দালাল চক্রটি তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোগীপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা কমিশনের বিনিময়ে এসব দালাল হাসপাতাল থেকে রোগী ও তাদের সঙ্গে থাকা আত্মীয়স্বজনদের কম খরচে চিকিৎসার কথা বলে এবং কম দামে ওষুধ পাওয়ার নিশ্চয়তা দিয়ে ভুল বুঝিয়ে অখ্যাত বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও নিম্নমানের ওষুধ বিক্রেতার কাছে নিয়ে যায়। ফলে অনেক নিরীহ ও সহজ-সরল রোগী প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। দালালদের খপ্পরে পড়ে হাসপাতালের চেয়ে বেশি টাকা খরচ করে, নিম্নমানের পরীক্ষা করাতে হচ্ছে এবং তুলনামূলক বেশি দামে ও সাধারণ মানের ওষুধ কিনতে হচ্ছে । নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রক্তসহ বিভিন্ন পরীক্ষায় নিম্নমানের রি-এজেন্ট ব্যবহার করা হয়। পাশাপাশি তাদের নেই কোনো দক্ষ টেকনিশিয়ান। অথচ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে দক্ষ টেকনিশিয়ান, উন্নতমানের রি-এজেন্ট। পাশাপাশি এখানে খরচও কম। এ ছাড়া যেসব ওষুধ হাসপাতাল থেকে সরকারিভাবে বিতরণ করা হয় না, তা লিখে দিলে (প্রেসক্রিপশন) দালাল চক্রটি তাদের নিজস্ব দোকানে নিয়ে গিয়ে বেশি দাম রাখে এবং অধিকাংশ ক্ষেত্রে অখ্যাত প্রতিষ্ঠানের নিম্নমানের ওষুধ কিনতে বাধ্য করে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই এর আশপাশে বেশ কিছু প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অসংখ্য ওষুধের দোকান ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। ইতিপূর্বে খুলনা মহানগর হাকিম একাধিকবার এসব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ক্লিনিকের মান ও পরিবেশ বাড়ানোর জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু অভিযান চালানোর পর কয়েকদিন ভালো থাকলেও আবার একই অবস্থা ফিরে আসে। ফলে অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি।হাসপাতালে দালাল চক্র আছে স্বীকার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কাজী হামিদ আজগর প্রথম আলোকে বলেন, প্রশাসনের হস্তক্ষেপ এবং গ্রেপ্তারে দালাল চক্রের সক্রিয়তা বেশ কমে গেছে। রাতের দিকে দালাল চক্র অধিকমাত্রায় সক্রিয় হয়ে ওঠে এবং গ্রাম থেকে আসা ও নিরীহ লোকদের ভুল বুঝিয়ে তাদের শিকারে পরিণত করে। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সজাগ থাকতে ইতিমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে।