জয়পুরহাটের কালাইয়ে কিডনি ব্যবসার দালাল চক্রের স্থানীয় প্রধান আবদুস সাত্তারসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বুধবার জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।এদিকে কিডনি ব্যবসার দালাল চক্রের অন্যতম প্রধান সাইফুল ইসলাম মোল্লা দাউদকে (৪২) কালাই থানায় এনে গতকাল সকালে প্রতারিত কয়েকজনের মুখোমুখি করা হয়। সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সাত দিনের রিমান্ডের আবেদন করার কথা থাকলেও তা করা হয়নি। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। আদালত সূত্র জানায়, গতকাল সাত্তারসহ তিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহাঙ্গীর আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্য দুজন হলেন: আবদুস সাত্তারের শ্যালক আবদুল করিম ফোরকান ও বৈরাগী বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা। প্রতারিতদের মুখোমুখি হয়ে সাইফুল বলেন, কিডনি বা কলিজা কেনাবেচায় মধ্যস্থতা করা যে অপরাধ, তা তাঁর জানা ছিল না। নিজের ভুল বুঝতে পেরে এখন তিনি অনুতপ্ত বলেও দাবি করেন। সাইফুলের ভাষ্যমতে, এ পর্যন্ত তিনি ৩৫ জনের মতো মানুষের কিডনি বিক্রিতে মধ্যস্থতা করেছেন। এর মধ্যে ছয়-সাতজন সম্ভবত কালাই উপজেলার। সাত্তারের কিডনি বিক্রির সময়ই তাঁর সঙ্গে পরিচয় হয় দাবি করে সাইফুল বলেন, কিডনি ব্যবসায় কালাইয়ের বেশ কয়েকজন দালাল জড়িত আছেন। এলাকার লোকজনকে তাঁরাই নিয়ে যান। প্রতি সপ্তাহে ছয়-সাতজনকে ঢাকায় নিয়ে গেলেও টিস্যু ম্যাচিং না হওয়ায় অনেককেই প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। ক্রেতা মিললে অপেক্ষমাণদের পরে আবার ঢাকায় ডেকে নেওয়া হয়। প্রতিটি কিডনি তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়। ক্রেতা-বিক্রেতাদের যোগাযোগ করে দেওয়ার বিনিময়ে তিনি রোগীপক্ষের কাছ থেকে ২০ হাজার টাকা পান।সাইফুলকে যকৃৎ বিক্রেতা যুবক মেহেদী হাসানের মুখোমুখি করা হলে তিনি অকপটে যকৃৎ বিক্রিতে সহযোগিতা করার কথা স্বীকার করেন। সাইফুল বলেন, ‘কিডনি বিক্রির জন্য মেহেদী সাত্তারের সঙ্গে আমার কাছে আসে। কিন্তু রক্তের গ্রুপ ও টিস্যু ম্যাচিং না হওয়ায় তাঁর কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছিল না। এরই মধ্যে ঢাকার একজন ব্যবসায়ী যকৃৎ কেনার কথা বলেন। আমি মেহেদীর সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দিই। ল্যাবএইড হাসপাতালে ২৫ লাখ টাকা খরচ করে মেহেদীর যকৃতের কিছু অংশ প্রতিস্থাপন করা হয়। বিনিময়ে ক্রেতা খুশি হয়ে আমাকে ২০ হাজার টাকা দিয়েছেন। মেহেদীকে তিন লাখ টাকা দেওয়ার কথা। ওই টাকা মেহেদী পায়নি সেটা কখনো সে আমাকে জানায়নি।’পরে সাইফুলকে সাংবাদিকদের মুখোমুখি করা হলে তিনি বলেন, রাজধানীর সাত-আটটি হাসপাতালের ১০-১২ জন দালাল এবং বেশ কয়েকজন চিকিৎসক কিডনি কেনাবেচায় জড়িত। কাগজে-কলমে সবকিছু ঠিকঠাক রেখে কিডনি প্রতিস্থাপন করা হয়। তাই চিকিৎসকদের ধরা খুব কঠিন। সাইফুল বলেন, শুধু কালাই থেকে নয়; কুমিল্লা, ফরিদপুর, নাটোরসহ দেশের প্রায় সব জেলা থেকেই অভাবী ব্যক্তিরা কিডনি বিক্রির জন্য ঢাকায় যান। সাইফুল আরও বলেন, শুধু দেশে নয়; দেশের বাইরের হাসপাতালেও কিডনি কেনাবেচা হয়। তিনি নিজেও মাদ্রাজ, কলকাতা, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ ও শহরে কিডনিদাতাদের সঙ্গে করে নিয়ে গেছেন। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সাইফুলকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া বাজার থেকে সোমবার রাতে আটক করে। সেখান থেকে মঙ্গলবার রাতে তাঁকে কালাই থানায় আনা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম তিনজনের রিমান্ড মঞ্জুর হওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, রিমান্ডে নেওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সাইফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানাহাজতে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর রিমান্ডের আবেদন জানানো হবে। বন্ধুসভার মানববন্ধন: ‘জীবনের জন্য কিডনি; বিক্রির জন্য নয়’ এমন স্লোগানে প্রথম আলোর কালাই বন্ধুসভা গতকাল উপজেলা সদরে মানববন্ধন করে। মানববন্ধন থেকে কিডনি ব্যবসায় জড়িত চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বেলা তিনটায় কালাই উপজেলা পরিষদসংলগ্ন জয়পুরহাট-ঢাকা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও পেশাজীবীরা অংশ নেন।