প্রতি আট সেকেন্ডে ডায়াবেটিসে মারা যাচ্ছে একজন
প্রতি আট সেকেন্ডে ডায়াবেটিসে মারা যাচ্ছে একজন। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের এখনই সময়। এ জন্য প্রচুর হাঁটতে হবে। নিয়মিত স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।আজ সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা ওই অভিমত ব্যক্ত করেন। দিবসটি পালন উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক সমিতি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করে।ডায়াবেটিস বিশেষজ্ঞ ও বিশিষ্ট চিকিত্সক অজিতকুমার পাল বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে সচেতনতা থাকতে হবে। অজ্ঞতা ও অবহেলার কারণে এ রোগ হয়ে থাকে। এতে আক্রান্ত হয়ে আট সেকেন্ডে একজন রোগী মারা যায়।সকাল সাতটায় শহরের পশ্চিম বাগিচাগাঁওয়ের ডায়াবেটিক হাসপাতালের আঙিনা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন।পরে কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মো. ওয়ালীউল্যাহের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক নাসির উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ জামিল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান ও জাকির হোসেন এবং কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ডায়াবেটিস, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ অজিতকুমার পাল ও দিলরুবা আক্তার।