প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যখন সরকার গঠন করি তখন অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক বাজারে খাদ্য-শস্যের দামের ঊর্ধ্বগতি মোকাবিলা করতে হয়েছে। আমরা নিজেরা খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ হতে না পারলে, খাদ্য আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়। এ জন্য জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ করুন। কোনো জায়গা পতিত রাখবেন না। আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতেই হবে।’আজ শুক্রবার গাজীপুর কাশিমপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও সমাজকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে ট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রহুল হক, স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকার এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। হাসপাতালটি এ অঞ্চলের মানুষের চিকিত্সার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে আশপাশের মিল, কল-কারখানার নিম্ন আয়ের লোকজন স্বাস্থ্যসেবা পাবে। চিকিত্সকদের গবেষণার সুযোগ থাকবে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা যখনই দেশ পরিচালনার দায়িত্ব পাই, শাসক নয়, সেবক হিসেবে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করি।’ অনুষ্ঠানের আয়োজকেরা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অংশীদারিত্বে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায়) কাশিমপুরের সারাব মৌজায় ৬.১৩ একর জমিতে ওই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২১৫ কোটি টাকা। যার শতকরা ৭৯ ভাগ সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ২১ ভাগ ব্যয় নির্বাহ করবে মেমোরিয়াল ট্রাস্ট। ২০১২ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।