প্রতি ঈদে নতুন বউ!
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের শামসুল আলমের ছেলে আমিনুল ইসলাম (৩০) তাঁর বড় ভাইয়ের বউকে ভাগিয়ে নিয়ে প্রথম বিয়েটা করেন। সেটা আজ থেকে পাঁচ বছর আগের কথা। এরপর দুই-তিন বছর ভালো যায়; তার পর থেকে প্রতি ঈদে একটি করে নতুন বউ বাড়িতে আনতে শুরু করেন। এবার আর প্রথম বউ কোনো ছাড় দেননি। নতুন বউ দেখেই সোজা হাজির হয়েছেন থানায়। পুলিশও অভিযোগ পেয়ে আজ সোমবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে আমিনুলকে। বড় বউ ও এলাকাবাসী জানান, র্যাযাংস ফার্মায় চাকরি নিয়ে ঢাকায় থাকতেন আমিনুল। এই সুযোগে বিভিন্ন মেয়ের সঙ্গে বিভিন্ন নামে প্রেম করে বেড়াতেন। এর মধ্যে সাভারের এক পোশাককর্মীকে ২০১১ সালে বিয়ে করে ঈদের আগের দিন বাড়িতে নিয়ে আসেন। বড় বউয়ের চাপে সে বিয়ে বেশি দিন টেকেনি। এরপর ২০১২ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের ফাঁদে ফেলে এক ষোড়শীকে বিয়ে করে ওই বছর ঈদুল ফিতরের আগের দিন বাড়ি আনেন। বড় বউয়ের চাপে মাস খানেক পর তাঁকেও তালাক দেন আমিনুল। কিন্তু এর মাত্র দেড় মাসের মাথায় এবার ঈদুল আজহায় একইভাবে ঢাকার টঙ্গী থেকে আরেক পোশাককর্মীকে বিয়ে করে বাড়িতে এনে হাজির করেন বিয়েপাগল আমিনুল। এবার আর বড় বউ ঝগড়াঝাঁটি করেননি। সরাসরি সখীপুর থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা ঠুকে দেন। অভিযোগ পেয়ে আজ সকালে পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করে। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান মোস্তফা জানান, আমিনুল বিভিন্ন স্থানে বিভিন্ন নামে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করে আসছিলেন। বড় বউয়ের অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানা হাজতে থাকা আমিনুল বলেন, ‘আমি বিয়ে করি। তাই বড় বউ আমার সঙ্গে খালি ঝগড়া করে।’ ক্ষুব্ধ বড় বউ থানায় বসে বলেন, ‘আমাদের একটা চার বছরের সন্তান আছে। তার পরও সে খালি বিয়ে করে। তাই এবার মামলা করেছি।’