নির্বাচন কমিশনের (ইসি) একটি নির্দেশনার কারণে এবারের পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বেগ পেতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ঢাকার বাইরের সাংবাদিকদের একই জেলার প্রতিটি উপজেলার জন্য পৃথক পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। বিষয়টি এরই মধ্যে সাংবাদিকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত শনিবার নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো হয়। কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো জেলার পাঁচটি উপজেলায় নির্বাচন হলে একজন সাংবাদিককে সব কটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঁচজন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পৃৃথক পাঁচটি পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। তা না হলে তিনি নির্বাচনের দিন দায়িত্ব পালনের জন্য এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে পরবেন না। এমনকি এক উপজেলা থেকে অন্য উপজেলায় সাংবাদিকদের যাতায়াতের গাড়ির জন্যও পৃথক স্টিকার সংগ্রহ করতে হবে। প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন জানিয়েছেন, ১২ জানুয়ারি জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের কাছে সাংবাদিকেরা পর্যবেক্ষণ পরিচয়পত্রের জন্য আবেদন করলে প্রশাসন থেকে বলা হয়েছে, স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তা সংগ্রহ করতে হবে।চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম জানিয়েছেন, আগে জেলা প্রশাসন থেকে সাংবাদিকদের জন্য পরিচয়পত্র দেওয়া হতো। কিন্তু নির্বাচন কমিশন এবার তাদের সেই ক্ষমতা দেয়নি। এ বিষয়ে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গতকাল প্রথম আলোকে জানান, সমস্যাটি সম্পর্কে তিনি আজ কমিশনকে জানাবেন। তবে কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) স্বপন কুমার ভৌমিক বলেন, নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের পৃথক পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। তবে ঢাকার কমিশন কার্যালয় থেকে যেসব সাংবাদিক পরিচয়পত্র সংগ্রহ করবেন, তাঁদের জন্য এই বিধান প্রযোজ্য হবে না। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের ২৪২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।